করোনার কারণে গতবছর এএফসি কাপের প্রথম ম্যাচের পর মাঠে নামা হয়নি বসুন্ধরা কিংসের। পরিত্যক্ত হয়েছে ম্যাচ। এবার কয়েক দফা সূচি পরিবর্তনের পর আবার মাঠে গড়াতে যাচ্ছে এএফসি কাপের খেলা। ‘ডি’ গ্রুপে বুধবার বাংলাদেশ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে মালদ্বীপের মাঝিয়া অ্যান্ড স্পোর্টস রিক্রিয়েশন ক্লাবের। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। দেখাবে টি-স্পোর্টস।
নতুন মিশনে নেমে প্রথম ম্যাচে প্রতিপক্ষকে সমীহ করছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মাজিয়ার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। দলটিকে জানি, কেননা এখানে আমি ছিলাম। (নিউ রেডিয়েন্টে কোচিং করানোর সময়) তারা আমাদের সব ঘরোয়া শিরোপার মূল প্রতিদ্বন্দ্বী ছিল। তাদের একজন অভিজ্ঞ কোচ আছে, যিনি লা লিগাতে রিয়াল বেতিসের হয়ে খেলেছেন। এএফসি কাপের অভিজ্ঞতাও আছে তার। গত মৌসুমে ফিলিপাইনের দলটির এএফসি কাপে ওঠায় তার ভালো অবদান ছিল।’
মিশনে নামলেও এএফসি কাপে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সার্ভিস পাচ্ছে না বসুন্ধরা। এলিটা কিংসলে নিবন্ধন জনিত সমস্যার কারণে খেলতে পারছেন না। মতিন মিয়ার পাসপোর্ট সমস্যা ও তৌহিদুল আলম সবুজ করোনায় আক্রান্ত।
এমন পরিস্থিতিতেও বসুন্ধরা কোচ শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘মাজিয়া খুবই নিখাদ একটা দল এবং এই প্রতিযোগিতার আগে তারা সৌদি আরবে প্রস্তুতি নিয়েছে। কিন্তু মাঠে আমাদের অবশ্যই সেরা হতে হবে এবং সুযোগগুলো নিতে হবে।’ অধিনায়ক তপু বর্মণও ভালো করতে মুখিয়ে আছেন, ‘আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এএফসি কাপে ভালো ফল করতে চাই।’
গ্রুপের বাকি দুই দল ভারতের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল এবং প্লে-অফ পেরিয়ে আসা বেঙ্গালুরু এফসি। এদের কাউকেই ফেভারিট মানছেন না ব্রুজন। আর প্রস্তুতির দিক থেকে মাজিয়ার বসনিয়ান কোচ রিস্তো ভিদাকোভিচ এগিয়ে রাখছেন কিংসকে। ৫২ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমি মনে করি, বসুন্ধরা কিংসই এখানে আসা একমাত্র দল, যারা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে এসেছে। যতদূর জানি, এক সপ্তাহ আগে তারা লিগ শেষ করেছে। যদি কেউ এগিয়ে থাকে, সেটা ওরাই। কেননা, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা আর প্রি-সিজনের ম্যাচ এক নয়। তবে এটাও বলে রাখা প্রয়োজন, আমরা নিজেদের মাঠে খেলবো। ছেলেরা চেষ্টা করবে হোম গ্রাউন্ড এবং মালদ্বীপের ফুটবলের মান রাখতে।’








