এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ একটি হৃদয়বিদারক দৃশ্যের কারণে সবার মানে থাকবে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। হৃদরোগে আক্রান্ত ডেনমার্ক তারকাকে তাৎক্ষণিক মাঠেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, যারা সেদিন এরিকসেনের প্রাথমিক চিকিৎসায় ভূমিকা রেখেছিলেন, তাদের উয়েফার প্রেসিডেন্টস পুরস্কারে ভূষিত করা হবে।
সেই পুরস্কারের তালিকায় ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়েরও রয়েছেন। সম্মাননা দেওয়া হবে ক্রিস্টিয়ান এরিকসেনের জীবন রক্ষাকারী মেডিক্যাল টিমকেও।
উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন বলেছেন, এরাই আসলে ইউরোর এবারের আসল নায়ক।
জটিল পরিস্থিতিতে মাঠে অসাধারণ নেতৃত্বগুণের জন্যই স্বীকৃতি পাচ্ছেন ডেনমার্ক অধিনায়ক কায়ের। তিনি তাৎক্ষণিকভাবে এরিকসেনকে প্রাথমিক সিপিআর দেওয়ার প্রক্রিয়াটা শুরু করেছিলেন। পাশাপাশি এরিকসেনের চিকিৎসার সুবিধার্থে সতীর্থদের নিয়ে চক্রাকার মানব দেয়াল তৈরি করেছিলেন। এই প্রাথমিক চিকিৎসার পরই এরিকসেনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।








