দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ম্যাচগুলো হচ্ছে সেপ্টেম্বরে। ওই সময় আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কিন্তু এ সিদ্ধান্তে রাজি ছিল না স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। বিষয়টা নিয়ে তারা আন্তর্জাতিক ক্রীড়া আদলত পর্যন্ত চলে গিয়েছিল। তাতে অবশ্য লাভ হয়নি। সেই আদালত ফিফার পক্ষেই রায় দিয়েছে।
মূলত সেপ্টেম্বরে লা লিগার খেলা পুনরায় শুরু হবে ১১ সেপ্টেম্বর। এর ফলে বাছাইয়ে অংশ নিতে যাওয়া ফুটবলাররা লা লিগায় খেলতে পারবেন না। এই কারণেই আপত্তি জানায় লা লিগা।
ফিফা অবশ্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সঙ্গে বলেছে, তাতে প্রমাণ হয়েছে ফিফার সিদ্ধান্ত বৈধ।
ফিফা পরিষ্কার করেছে, করোনাকালে যেসব প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে খেলোয়াড়দের সুস্বাস্থ্য। সেটা নিশ্চিতের লক্ষ্যেই দুটি দিন সময় বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, এই মাসের শুরুতে ফিফা জানায় যে, মার্চে যেসব খেলা করোনায় আয়োজন করা যায়নি। সেসব সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজন করা হবে। পাশাপাশি দক্ষিণ আমেরিকা অঞ্চলের উইন্ডো বাড়ানো হয়েছে দুদিন- ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
অথচ এর ২৪ ঘণ্টার পরই মাঠে নামার কথা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদের। ফলে আদালতের সিদ্ধান্তকে তারা মোটেও ভালোভাবে নিতে পারেনি। নতুন পরিস্থিতিতে ১১ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ-সেল্তা ও এস্পানিওল-আতলেতিকো মাদ্রিদের ম্যাচ একদিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে লা লিগা। আর সেভিয়া-বার্সেলোনা ও ভিয়ারিয়াল-আলাভেসের ম্যাচগুলো স্থগিতের আবেদন করেছে।








