বাংলাদেশ দলের গোল না পাওয়া পুরনো সমস্যা। মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে তা আবারও পরিষ্কার হয়েছে। যে তিনটি গোল পেয়েছে বাংলাদেশ, সবক’টি সেট পিস থেকে! বিল্ড-আপ ফুটবল খেলে গোল করার উদাহরণ নেই। তবে নভেম্বরে শ্রীলঙ্কায় হতে যাওয়া চার জাতি ফুটবল প্রতিযোগিতায় ‘গোল খরা’ কাটাতে চাইছে মারিও লেমসের দল। এজন্য চলছে ফিনিশিং নিয়ে কাজ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে। শ্রীলঙ্কার এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া লেমস সাফের ভুল-ত্রুটি শুধরে স্কোরের দিকে নজর দিয়েছেন। আজ (শনিবার) বিকালের অনুশীলনে ঘাম ঝরিয়ে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাঝমাঠ থেকে আমরা কীভাবে আক্রমণে উঠবো, ফিনিশিং করবো... সেটা নিয়ে কাজ হয়েছে। সাফে আমাদের যে ভুলগুলো হয়েছে, সেটা মারিও খুঁজে বের করেছেন, ওগুলো নিয়ে কাজ চলছে। আরও কয়েকদিন সময় আছে, আমরা যেন ফিনিশিংয়ে আরও উন্নতি করতে পারি, সেজন্য কাজ হবে।’
নভেম্বরে প্রথম সপ্তাহে চার জাতি প্রতিযোগিতায় স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশ, সেশেলস ও মালদ্বীপ খেলবে। সেখানে ভালো ফল করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, ‘সবকিছু মিলিয়ে আমরা আশা করছি শ্রীলঙ্কায় ভালো একটা ফল করবো। দীর্ঘদিন ধরে আমরা খেলার মধ্যে ছিলাম। যেহেতু আমরা কিছুদিন আগে সাফ খেলেছি, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে শ্রীলঙ্কায় ফাইনাল খেলতে পারবো।’
জাতীয় দলের আরেক উইঙ্গার রাকিব হোসেন অবশ্য গোল না পাওয়ার পেছনে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, ‘আসলে সবাই চেষ্টা করে গোল করার জন্য। ম্যাচেও চেষ্টা করে, অনুশীলনেও চেষ্টা করে। আসলে আমরা বেশিরভাই ডিফেন্সিভ ফুটবল খেলি। নিচ থেকে ওপরে উঠে এসে আমরা গোল করার চেষ্টা করি, এ কারণে মিস হয়ে যায়।’








