জাতীয় দলের নতুন স্প্যানিশ কোচ চমক রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। যেখানে সবচেয়ে বড় চমক ছিলেন নাসিরুল ইসলাম। ঘরোয়া ফুটবলে নিয়মিত পারফর্ম করেও ডাক পাননি ৬টি বছর! এবার নতুন কোচ হাভিয়ের কাবরেরার মন জয় করে নিয়েছেন। দীর্ঘ দিন পর লাল সবুজ দলে ডাক পেয়ে ৩৪ বছর বয়সী ডিফেন্ডার ভীষণ উচ্ছ্বসিত। জানালেন, এত দিন জাতীয় দলের বাইরে থাকলেও মনোবল হারাননি।
অথচ একটা সময় অবস্থা এমন ছিল ২০০৭ সাল থেকে নিয়মিত জাতীয় দলে খেলে গেছেন। ছন্দ হারান ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তান ম্যাচের পর। এর পর থেকে ব্রাত্যই হয়ে পড়েন লাল-সবুজ দলে। কিছুতেই আর ফেরা হচ্ছিল না। এবার প্রায় ৬ বছর পর দুটি ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে দলে ফিরেছেন।
বাংলা ট্রিবিউনকে নাসিরুল জানালেন, দলে জায়গা হচ্ছিল না বলে হতোদ্যম হয়ে পড়েননি একবারও। বরং পরিশ্রম করে যাওয়াকে মন্ত্র মেনেছিলেন, ‘আমি কখনও মনোবল হারাইনি। জানি পরিশ্রম করলে একসময় ফল আসবে। এবার তাই-ই হয়েছে। আশা করছি, নিজের সেরাটা দিয়ে পারফরম্যান্স করে দেখাতে পারবো’
মাঠের পারফরম্যান্স সত্ত্বেও নাসিরুলের এতদিন জাতীয় দলের বাইরে থাকার কোনও ব্যাখ্যা ছিল না। চাপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলারও বললেন, ‘২০১৬ সালের পর থেকে কেন আমি জাতীয় দলের বাইরে, নিজেও জানি না। মাঝে এক বছর চোটে ছিলাম। তবে মাঠে সব সময় নিজের সেরাটা দোওয়ার চেষ্টা করেছি।’
অবশ্য নাসিরুল যেই বয়সে জায়গা পেয়েছেন, দলে তার চেয়েও কম বয়সীরা খেলছেন একই পজিশনে। রয়েছেন বিশ্বনাথ, তারিক কাজীদের মতো তরুণরা। ৩৪ বয়সী ডিফেন্ডার তাই ভালো করেই জানেন, বাকিদের সঙ্গে লড়াই করে জায়গা নিতে হবে। আত্মবিশ্বাসী নাসিরুল তাই বলেছেন, ‘আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। মাঠের খেলাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। মাঠে যখন নামি, তখন প্রতিপক্ষ কাউকে ভয় পাই না। এবারও জাতীয় দলের একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা আছে।’








