নিজেদের ভাগ্য নিজেরাই কঠিন তুলেছিল বার্সেলোনা। তাতে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা সুতোর ওপর ঝুলছিল। সবচেয়ে বেশি চাপবোধ করছিলেন কোচ জাভি হার্নান্দেস। ম্যাচের পর তা স্বীকারও করে নেন তিনি। শেষ পর্যন্ত তার কাঁধ থেকে বিশাল বোঝা সরে গেছে বার্সার জয়ে।
লা লিগায় রিয়াল বেতিসকে ২-১ গোলে হারানোতে পূরণ হয়েছে তাদের সেরা চারে থাকার নিশ্চয়তা তথা আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট। বার্সা কোচ জাভির কাছে তা কতটা স্বস্তির সেটা ফুটে উঠে তার কথাতেই, ‘কাঁধ থেকে বড় বোঝা নেমে গেলো। মৌসুমটা আরও কঠিন হতে পারতো। কিন্তু নভেম্বরের পর ছেলেরা দারুণ লড়াই করেছে।’
উপভোগ্য ম্যাচে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ৭৬ মিনিটে আনসু ফাতির গোলে বার্সা পায় অগ্রগামিতা। ৭৯ মিনিটে সাবেক বার্সা ডিফেন্ডার বাত্রা গোল শোধ দিলে ম্যাচে ফেরে বেতিস। পরে যোগ করা সময়ে (৯০+৪ মিনিট) বার্সাকে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট এনে দেন জর্ডি আলবা।
অথচ প্রথমার্ধে স্বাগতিক রিয়াল বেতিসই বেশি সুযোগ তৈরি করেছিল। বিরতির পর বদলি হয়ে নেমে দৃশ্যপটে বদল আনেন ইনজুরিতে দীর্ঘদিন বাইরে থাকা ফাতি। যা ছিল গত নভেম্বরের পর তার প্রথম গোল।
নামার পরেই ব্যবধান গড়ে দেওয়ায় তার প্রশংসা করেন জাভি, ‘আনসু ফাতির গোলটা উপহার ছিল বলা যায়। তাকে পুনরায় ফিরে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার। ও আসলে ব্যবধান গড়ে দেওয়ার কারিগর।’
জয়ের পর দুইয়ে থাকা বার্সার সংগ্রহ ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা সেভিয়া আছে তাদের পরেই। যাদের অর্জন ৬৪ পয়েন্ট। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।








