তিন বছর ধরে দেশের আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিংয়ের কোচ হিসেবে ডাগ আউটে ছিলেন শন লেন। তবে এখন আর ক্লাবের সঙ্গে সম্পর্ক নেই ৫৯ বছর বয়সী এই কোচের। হঠাৎ হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ।
আজ রবিবার (২৯ মে) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শন লেন ও সহকারী কোচ জেমস ম্যকলন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এক বার্তায় শন লেন জানিয়েছেন, 'দল গঠনে হস্তক্ষেপ ও দুর্বল পরিকল্পনার কারণে আর কোচের পদে থাকছেন না।'
বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এর বেশি কিছু বলতে রাজী হননি লেন।
মোহামেডান স্পোর্টিংয়ের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স দুই কোচের পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, 'হঠাৎ কেন তারা পদত্যাগ করলো আমার বোধগম্য হচ্ছে না। আমিও মাত্র অবগত হয়েছি।'
প্রিমিয়ার লিগে মোহামেডান এখন ষষ্ঠ স্থানে আছে।








