বিশ্বকাপের আসল ট্রফি বলে কথা। সোনালি ট্রফিটি আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য আয়োজন করা হয় কনসার্টেরও। তাই ঘটনাটির সঙ্গে রথ দেখা, কলা বেচা কথাটি বেশ ভালোই যায়। সে কারণেই কিনা প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কনসার্ট শুরুর আগে মঞ্চে শুরুতে উপস্থাপক পরিচয় করে দেন ট্রফির সঙ্গে আসা ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বুকে। উপস্থিত দর্শকদের কাছে টেনে নিতে ‘বাংলায় কেমন আছো’ বলে সবাইকে চমকেও দিলেন ৫১ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার।
ঢাকার মঞ্চে ট্রফি হাতে কারেম্বুকে বেশ সাবলীলও মনে হয়েছে। মাইক নিয়ে কথা বলতে গিয়ে ফ্রেঞ্চ তারকা বলেছেন, ‘যদিও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে উদযাপন করছি। আপনাদের মাঝে থাকতে পারে অবশ্যই খুশি আমি।। সম্মানিত বোধ করছি।’
ক্রিস্তিয়ান কারেম্বু বিশ্বকাপ জিতেছিলেন ১৯৯৮ সালে। ১৯৯২ থেকে ওই বিশ্বকাপেই শেষবার ফ্রান্সের জার্সিতে নামা তারকার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নীল জার্সিতে ৫৩ ম্যাচে ১ গোল করেছেন।
এই দেশে ফুটবল যে জনপ্রিয় খেলার মধ্যে একটি, তা এরইমধ্যে তিনি জেনে গেছেন। তাই এক প্রকার উচ্ছ্বাস পাওয়া গেলো তার কথায়, ‘আমি জানি তোমরা ফুটবল অনেক ভালোবাসো। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে।’
কারেম্বু এরপর দর্শকদের উদ্দেশ্যে ‘আপনারা সবাই তৈরি তো’ বলেই চমকে দেন বাংলায় কথা বলে, ‘ঢাকায় কেমন আছো সবাই’। উপস্থাপক ১.২ গুনে নাসেক, নাসেক বলতেই হাজারো দর্শকের সামনে এক ঝটকায় কভার সরিয়ে ট্রফি উন্মোচন করেন কারেম্বু। এ সময় সবাইকে দেখাতে সোনালি ট্রফিটি হাতে নিয়ে পুরো মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন তিনি।
একপর্যায়ে সেলফির জন্য দর্শকদের হাতও তুলতে বলেছেন। মঞ্চ ছাড়ার আগে ‘ধন্যবাদ ঢাকা, ধন্যবাদ বাংলাদেশ’ বলে বিদায় নিয়েছেন তিনি।







