বিদেশ-বিভুঁইয়ে হচ্ছে কাতার বিশ্বকাপ। তাই ঘরোয়া খাবারের স্বাদ পেতে কাতারে ৯০০ কেজি মাংস নিয়ে গেছে আর্জেন্টিনা। একই কাজ করেছে সুয়ারেজের দল উরুগুয়েও।
এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, বিশ্বে যে কয়টি দেশ প্রচুর পরিমাণে মাংস ভোগ করে তাদের মধ্যে অন্যতম উরুগুয়ে- আর্জেন্টিনা। তাদের জনপ্রিয় খাবার আসাদোর মূল উপকরণই হচ্ছে মাংস। যা বিভিন্ন আকারে কেটে, সসেজ দিয়ে গ্রিল করে রান্না করা হয়। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতেও দল দুটির খাবারের মূল অনুষঙ্গ ছিল এটি।
উরুগুয়ে জাতীয় দল এরইমধ্যে তাদের প্রথম আসাদোর ডিশ খেয়েছে আবুধাবির বিলাসবহুল পার্ক হায়াট হোটেলে। সুয়ারেজরা এখানেই থাকছেন।
আর্জেন্টিনা বৃহস্পতিবার দোহায় পা রাখলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ গোলের জয়টা উদযাপন করেছে আসাদো খেয়ে। আর্জেন্টাইন কোচ স্ক্যালোনির মুখেও শোনা গেছে সুস্বাদু খাবারটির গুরুত্ব, ‘আমার প্রিয় খাবার আসাদো। কিন্তু এর গুরুত্ব তার থেকেও বেশি। বলা যায় দলের মাঝে একতা ও রসায়নের আবহ তৈরিতে খাবারটি ভূমিকা রাখে। এটা আমাদের সংস্কৃতির অংশও।’









