দোহার হোটেল ওয়েস্টিনের সামনে তখন হাজারো সমর্থকদের ভিড়। ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল যে এই হোটেলেই তাঁবু গাড়তে যাচ্ছে। শুক্রবার মধ্যরাতে টিম বাস হোটেলে পৌঁছতেই চারদিকে হুই-হুল্লোড় যেন কয়েক গুন বেড়ে গেলো! এটাই তো স্বাভাবিক। ক্লান্তি ছাপিয়ে সেলেসাওরা মাঠে নামার জন্য যে প্রস্তুত হচ্ছে।
আল অ্যারাবিয়া স্টেডিয়ামে স্থানীয় সময় সাড়ে ৪টায় বিশ্বকাপকে সামনে রেখে প্রথমবারের মতো মরুর দেশে গা-গরম করবে তিতের দল। তার আগে রাতে ইতালির তুরিনে ৫ দিনের ক্যাম্প করে এসেছে তারা।
রাতে হোটেলে হাজারো সমর্থকদের মধ্যে ছিলেন বাংলাদেশ ও ভারতের কমিউনিটির সদস্যরা। পতাকা হাতে নানান ঢঙে সেজে প্রিয় দলকে অভ্যর্থনা জানিয়েছেন। তিনটি বাসে করে হোটেলে যখন একে একে নেইমার, আলভেজ, রিচার্লিসনরা নামছেন তখন সবার মধ্যে উত্তেজনা যেন কয়েকগুণ বেড়ে গেল। প্রিয় দলকে দেখে আনন্দে আত্মহারা সবাই।
আর্জেন্টিনা যেমন আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে এসেছে। ব্রাজিল কিন্তু নিজেদের পরখ করতে পারেনি। সরাসরি দোহায় এসে গা-গরম করে নিজেদের প্রস্তুত করার যত চিন্তা।
আগামী ২৪ নভেম্বর জি গ্রুপে প্রথম ম্যাচে ব্রাজিলের প্রথম লড়বে সার্বিয়ার বিপক্ষে। গ্রুপে অন্য দুটি দল হলো সুইজারল্যান্ড ও ক্যামেরুন। তিতের দলটি ২০০২ সালের পর থেকে শিরোপাবিহীন। তাই পুনরুদ্ধারের মিশনে এসে কাতারে সাফল্যের খোঁজে রয়েছে সবাই।









