আনহেল ডি মারিয়ার গোলেই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কেটেছিল। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছিল মেসিরা। খুব স্বাভাবিকভাবেই ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে ফাইনালে অভিজ্ঞ এই উইঙ্গারকে পাওয়াটা গুরুত্বপূর্ণ স্কালোনির দলের জন্য। তবে চোটের কারণে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে ঠিকঠাক মতো খেলাই হয়নি ডি মারিয়ার। ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য সুখবর দিয়েছেন মারিয়াকে নিয়ে।
রবিবার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা নির্ধারণী লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দুই দলই নামবে তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। এমন ম্যাচের আগে মারিয়ার মতো একজন অভিজ্ঞ উইঙ্গারকে দলে চাইবে যে কেউই। চোট কাটিয়ে মারিয়ার ফেরার কথা নিশ্চিত করলেও ডি মারিয়ে শুরু থেকে খেলবেন কিনা সেটা নিশ্চিত করেননি স্কালোনি।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘ডি মারিয়া ভালো আছে, খেলার জন্য (তৈরি আছে)। অন্য সবার মতো স্বাভাবিকভাবেই সে (ডি মারিয়া) সপ্তাহ জুড়ে অনুশীলন করেছে। এই ম্যাচে তাকে পাওয়া যাবে।'
কাতারে অনুষ্ঠিত রবিবারের ফাইনালই হতে পারে ডি মারিয়ের শেষ ম্যাচ! ৩৪ বছর বয়সী দি মারিয়া গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। তবে নক আউট রাউন্ডে কেবলমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে পেরেছিলেন। সেটিও আবার ৮ মিনিটের জন্য। এই মুহূর্তে পুরো সুস্থ ডি মারিয়ে ফাইনালের মঞ্চ রাঙাবেন, এমন অপেক্ষায় আর্জেন্টাইন ভক্তরা।
ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু চোটের কারণে জার্মানির বিপক্ষে সেই ফাইনালে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছিল দলকে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল মেসিদের। ৮ বছর পর আরও একটি বিশ্বকাপের ফাইনাল। ফ্রান্সের বিপক্ষে ডি মারিয়া মাঠে নামতে পারলে হয়তো মেসিরাও পাবেন বাড়তি অস্ত্রের যোগান। হয়তো মেসি-মারিয়াদের যুগলবন্দি পারফরম্যান্সে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ দূর হবে!








