আন্তোনিও মাতেও লাহোজের কার্ড দেখানোতে বিরাম নেই। যার নমুনা বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচেই দেখা গেছে। স্প্যানিশ রেফারি ১৮টি হলুদ কার্ড বের করেছিলেন। এর পর তীব্র সমালোচনার মুখে পড়লেও নিজের স্বভাব আর বদলালেন কই? রূদ্রমূর্তিতে দেখা গেলো গতকাল লা লিগাতেও। কাতালান ডার্বিতে এস্পানিওলের সঙ্গে বার্সেলোনার ১-১ ড্র করা ম্যাচে ১৫টি হলুদ কার্ড দেখিয়েছেন। সঙ্গে ছিল দুটি লাল কার্ডও।
৭ মিনিটে মার্কোস আলোনসো গোল করে দলকে এগিয়ে নিলেও এস্পানিওল সমতায় ফেরে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া জোসেলুর স্পট কিকে। লাহোজের ওই পেনাল্টি সিদ্ধান্তের পরবর্তী ১০ মিনিটে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। লাহোজ ৭টি হলুদ কার্ড বের করেছেন এই সময়। জর্ডি আলবা ও ভিনিসিয়ুস সৌসাকে লাল কার্ড দেখিয়ে দশ জনের দলে পরিণত করেছেন দুই দলকেই। কাবরেরাকে লাল কার্ড দেখালেও পরে অবশ্য সেই সিদ্ধান্ত বদলেছে।
চিরাচরিত ঢংয়ে কার্ডের বন্যা বইয়ে দেওয়ায় তার সমালোচনায় মুখর ছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ, ‘ম্যাচটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কার্ড দেখাচ্ছিল কোনও কারণ ছাড়াই। ম্যাচের নিয়ন্ত্রণ তার হাতে ছিল না।’
অবশ্য স্প্যানিশ রেফারির কার্ড দেখানো থেকে রক্ষা পাননি বার্সার কোচও। তাকেও হলুদ কার্ড দেখতে হয়েছে। শেষ বাঁশি বাজার পর অবশ্য রেফারির সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। ওই সময়ের কথোপকথের কথা জানতে চাইলে জাভি বলেছেন, ‘‘আমি তাকে বলেছি, ‘তুমি ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো।’ জবাবে সে বলেছে, ‘তুমি এমনটাই মনে করো?’’
বিশ্বকাপ বিতর্কের পর লা লিগায় এটা ছিল লাহোজের প্রথম ম্যাচ। কাতার বিশ্বকাপেও তার রেফারিংয়ের সমালোচনা করেছেন আর্জেন্টাইন-ডাচ খেলোয়াড়রা। ওই ম্যাচে তিনি ১৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। লাল কার্ড ছিল একটি। যা টুর্নামেন্টের রেকর্ড!
লা লিগায় উত্তাপ ছড়ানো ম্যাচটায় অবশ্য পয়েন্ট হারাতে হয়েছে বার্সার। তারা পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। তবে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট সমান হয়ে গেছে তাদের। দুই দলের অর্জন এখন ৩৮।







