এই মৌসুমের শুরুতে লা লিগায় হেরে গেলেও গত মাসে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেছিল বার্সেলোনা। বৃহস্পতিবার ফের তারা মুখোমুখি হচ্ছে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে। এই ম্যাচে মাদ্রিদ ক্লাবকে ফেভারিট মানছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
আগামী এক মাসের মধ্যে তিন ক্লাসিকোর প্রথমটি হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এপ্রিলের শুরুতে দ্বিতীয় লেগ হবে ন্যু ক্যাম্পে। মাঝে ১৯ মার্চ দুই দল খেলবে লা লিগায়।
ইনজুরিতে রবার্ট লেভানডোভস্কি, পেদ্রি ও উসমান দেম্বেলেকে এই ম্যাচে পাচ্ছে না বার্সা। কিন্তু জাভি বললেন, কাতালানরা পূর্ণ শক্তির দল পেলেও রিয়ালকে ফেভারিট মানতেন তিনি।
সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন, ‘মাদ্রিদ ফেভারিট কারণ তারা লিগা ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন দল। তারা শক্ত প্রতিপক্ষ এবং ভালো ফর্মে আছে।’
আগের দেখায় জিতলেও রিয়ালকে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যা করলেন জাভি, ‘আমরা তাদের ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিলাম, অসাধারণ ফুটবল খেলেছিলাম, কিন্তু এটা মাদ্রিদ। তারা সত্যিই ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে, লিভারপুলের বিপক্ষে পাঁচ গোল করেছিল। আমাকে সত্যিটা বলতেই হবে। তাদের ক্ষতি করার অস্ত্র আমাদের আছে, আমরা প্রমাণ করেছিলাম। সমান সমান লড়াই হতে পারে, কিন্তু তারাই ফেভারিট।’
গত সপ্তাহে ইউরোপা লিগে ম্যানইউর কাছে হেরে বিদায় নেওয়ার পর লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে পরাজিত হয়েছিল বার্সা। রিয়ালের মুখোমুখি হওয়ার আগে নিঃসন্দেহে তাদের জন্য এই দুটি হার বড় ধাক্কা। সেটা তারা কাটিয়ে উঠতে পারে কি না, দেখার অপেক্ষায় বার্সা ভক্তরা।








