এক যুগের সম্পর্কের ইতি টেনে গত বছর জুনে বিচ্ছেদের ঘোষণা দেন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে ও কলম্বিয়ান-লেবানিজ পপ তারকা শাকিরা। দুজনের ছাড়াছাড়ির খবর বেশ পুরোনো হয়ে গেছে, কিন্তু এখনও রেশ কাটেনি।
সম্প্রতি তারকা সঙ্গীতশিল্পী হুট করে রবিবার তার ইনস্টাগ্রামে ফলোয়ারদের উদ্দেশে বিদায়ী বার্তা দেন এবং বলেন, তার দুই সন্তানকে নিয়ে শান্তির খোঁজে বার্সা ছাড়ছেন। স্প্যানিশ ভক্ত ও বার্সেলোনাকে ধন্যবাদ দিয়ে উল্লেখ করেন, এই শহর তাকে শিখিয়েছে ভালোবাসার চেয়ে বন্ধুত্ব বেশি দিন টেকে। বুঝতে বাকি নেই, সাবেক সঙ্গীকে খোঁচা দিয়েই তার এই বার্তা।
তবে তার বার্সা ছাড়ার অন্যতম কারণ এবার জানা গেলো। লা ভ্যানগার্দিয়া সূত্রে দিয়ারিও এএস এক প্রতিবেদনে জানিয়েছে, পিকের বাবা জোয়ান শাকিরাকে তাদের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন। দুই জুটির বিচ্ছেদ হওয়ার পর থেকে ওই সম্পত্তি জোয়ানের দখলে।
পিকের বাবা শাকিরাকে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছেন, এপ্রিলের মধ্যেই তাকে বাড়ি ছাড়তে হবে নয়তো বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে। দেরি করেননি শাকিরা, চলে যাচ্ছেন মিয়ামিতে।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকা থেকে পরিচয় পিকে ও শাকিরার, তারপর ভালোলাগা। দুই সন্তানের জনক-জননীও তারা। কিন্তু বিয়ের বন্ধনে জড়াননি। অন্য নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পিকের সঙ্গে ছাড়াছাড়ি করেন শাকিরা।








