চ্যাম্পিয়নস লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও হেরে গেছে ৩-২ গোলে। তবে লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, চ্যাম্পিয়নস লিগে চেলসি চ্যালেঞ্জে নিশ্চিত ঘুরে দাঁড়াবে তার দল।
রিয়াল মাদ্রিদের এমন পতন অনেকের কাছেই বিস্ময় হয়ে এসেছে। বুধবার কোপা দেল রেতে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। সেই ম্যাচের ছন্দটা তারা স্বাগতিক হয়েও এই ম্যাচে ধরে রাখতে পারেনি। তবে বুধবার চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তেমনটা হবে না বলে আত্মবিশ্বাস আনচেলত্তির, ‘ধারণা ছিল এটা খুব জটিল হতে যাচ্ছে। তবে বুধবারের গল্পটা ছিল অন্যরকম। আজকের ম্যাচের অবস্থাটা তলানিতে নেমে গিয়েছিল। আগামী বুধবার আশা করি সব কিছু সর্বোচ্চ পর্যায়েই থাকবে।’
লা লিগায় সর্বশেষ পরাজয়ে শিরোপা জয়ের পথ থেকে প্রায় ছিটকেই গেছে রিয়াল মাদ্রিদ। এই অবস্থায় পয়েন্ট টেবিলেও তার ছাপ পড়েছে। শীর্ষে থাকা বার্সার চেয়ে পিছিয়ে পড়েছে ১২ পয়েন্টে। রিয়াল মাদ্রিদ কোচ মনে করেন, এই অবস্থায় তার দলের অনুপ্রেরণা পাওয়া আসলেই মুশকিল, ‘কঠিন ম্যাচ ছিল। আমরা বলের খেলায় সেভাবে সাড়া দিতে পারিনি। সুযোগ ছিল ৩-১ করার। কিন্তু কিছুই হয়নি শেষ পর্যন্ত। সত্য কথাটা হলো আমাদের এখন শতভাগ প্রেরণা পাওয়া মুশকিল। এটা স্বাভাবিক বলা যায়।’









