একাধিক সুযোগ নষ্ট করে হতাশা চেপে ধরেছিল রিয়াল মাদ্রিদের। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে ২-০ গোলে কাদিজের মাঠে জিতেছে তারা। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেছে।
প্রথমার্ধে কাদিজের ক্লিনশিট ধরে রাখতে একাধিক সেভ করেন ডেভিড গিল। স্প্যানিশ গোলকিপারের কাছে প্রত্যাখ্যাত হন আসেনসিও। কাদিজ বল বিপদমুক্ত করতে গেলে সরাসরি তার পায়ে আসে, কিন্তু পারেননি জালে রাখতে।
কাদিজের রক্ষণ চিড়ে নেওয়া শটে বেনজেমাকেও ব্যর্থ করেন গিল। মাদ্রিদের সেরা সুযোগ আসে রদ্রিগোর কাছ থেকে। বাঁ দিক থেকে তার বাড়ানো বলে আসেনসিওকে আবার রুখে দেন স্বাগতিক কিপার। ফিরতি শটে বেনজেমা গোলবারের ওপর দিয়ে বল মারেন। রদ্রিগো ও কেবায়োসও পারেননি ২৯ বছর বয়সী কিপারকে পরাস্ত করতে।
কাদিজ গোলের ভালো সুযোগ পেয়েছিল ১২ মিনিটে। এসপিনোর শক্তিশালী শট লাগে পোস্টে। একাধিক সুযোগ নষ্ট করা রিয়াল দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল। ৬৪ মিনিটে বেনজেমার শট পোস্টে আঘাত করে।
শেষ পর্যন্ত অরেলিয়েন শুয়ামেনির বাড়ানো বলে নাচোর গোলে লিড নেয় রিয়াল। ৭২ মিনিটে গোলমুখ খোলার পর জয় সহজ হয়ে যায়। চার মিনিট পর আসেনসিও করেন দ্বিতীয় গোল।
বেনজেমা ও রদ্রিগো কাদিজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ালেও নাচো লিড এনে দেন। বক্সের বাইরে শুয়ামেনির ছোট পাস থেকে নিচু কোনাকুনি শটে গোল করেন রিয়াল ডিফেন্ডার।
৭৬ মিনিটে ফেডেরিক ভালভার্দে মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের ডান দিকে বাড়ান। আসেনসিও এগিয়ে এসে বল নিয়ে বাঁকানো শটে জাল কাঁপান। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে তাকে দ্বিতীয় গোল করতে দেননি গিল।
এই জয়ে শীর্ষ দল বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট ব্যবধান ১০-এ কমালো রিয়াল। ২৯ ম্যাচে তারা পেয়েছে ৬২ পয়েন্ট। ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে রবিবার গেটাফের মুখোমুখি হবে বার্সা।









