লা লিগা ট্রফি ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে চলতি মৌসুমে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। শনিবার রাতে কাপ ফাইনালে ম্যাচ ওসাসুনার বিপক্ষে, আগামী মঙ্গলবার ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ। কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন, তার ভবিষ্যতের জন্য এই দুটি ম্যাচ খেলতে যাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
৯ বছরে প্রথম কোপা দেল রে ফাইনাল খেলতে যাচ্ছে মাদ্রিদ ক্লাব। তিন দিন পর ম্যানসিটি পরীক্ষা। অনেকের ধারণা, এই দুটি ম্যাচের ওপর ঝুলে আছে আনচেলত্তির চাকরি। ইতালিয়ান কোচ বললেন, ‘এটা কোপা দেল রে ফাইনাল ও একটি সেমিফাইনাল, আর কিছু না। আমি আমার জীবনের জন্য খেলছি না। এটা একটা ট্রফি এবং তারপর আমরা সেমিফাইনালের প্রস্তুতি নেবো। আমার ভবিষ্যৎ পরিষ্কার, আমার চুক্তি শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন, কাল নয়।’
২০২১-২২ মৌসুমে ফিরে এসেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ডাবল জেতেন আনচেলত্তি। কিন্তু এবার কিছু সমালোচনার সম্মুখীন হয়েছেন এবং এই গ্রীষ্মে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
আনচেলত্তি বললেন, ‘আজ (আমার ভবিষ্যৎ নিয়ে) কথা বলা ঠিক নয়। আমি এটুকু বলতে পারি প্রতিদিন প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেজ) ও (ডিরেক্টর জেনারেল) জোসে অ্যাঞ্জেলের কাছ থেকে আমি অবিশ্বাস্য ভালোবাসা পাই এবং আমার জন্য সেটাই যথেষ্ট। আমি একটি ফাইনাল ও সেমিফাইনাল খেলবো এবং দুটোই জিততে পারলে ভালো লাগবে।’








