ছেলে দারুণ ফর্মে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্লিং হাল্যান্ডের ঝলক দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতেও ছুটে গেলেন তার বাবা আল্ফ-ইঙ্গে। প্রত্যাশা পূরণ করতে পারেননি ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে দল পিছিয়ে পড়েও সমতা ফেরানোয় উচ্ছ্বাসের কমতি ছিল না। কেভিন ডি ব্রুইনার গোলের পর রিয়াল ভক্তদের উত্যক্ত করতে থাকেন তিনি। যে কারণে তাকে গ্যালারি থেকে সরিয়ে নেন স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীরা।
মঙ্গলবার রাতে হাল্যান্ড গোলের সেরা সুযোগ পেয়েছিলেন, কিন্তু ডেভিড আলাবা শেষ মুহূর্তে তার শট ব্লক করে দেন। এই মৌসুমে ৫১ গোল করা ফরোয়ার্ড আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেননি। দলের তারকার গোল দেখতে না পেলেও ৬৭ মিনিটে ডি ব্রুইনা সমতা ফেরালে স্বস্তি মেলে সিটি ক্যাম্পে।
এরপরই স্টেডিয়ামের গ্যালারিতে ঘটে অপ্রীতিকর ঘটনা। স্প্যানিশ সাংবাদিক ইনাকি আনগুলো জানান, আল্ফ-ইঙ্গে ম্যাচ চলাকালে মাদ্রিদ ভক্তদের অপমান করছিলেন, এমনকি তাদের দিকে বাদামও ছুঁড়তে দেখা যায় তাকে। পরে নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। ওই সময় সমস্বরে রিয়াল ভক্তরা বলতে থাকে, ‘ইডিয়ট’।
ওই ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করে আল্ফ-ইঙ্গে বুধবার ক্যাপশনে লেখেন, ‘আচ্ছা। আমরা কেভিন ডি ব্রুইনার গোল উদযাপন করছি দেখে ভালো লাগছিল না রিয়াল মাদ্রিদ ভক্তদের। তাছাড়া আমাদের চলে যেতে হলো, কারণ ১-১ এ রিয়াল ভক্তরা খুশি ছিল না।’








