এবারই প্রথম নয়। অতীতেও বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। সর্বশেষ ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তা মাত্রা ছাড়িয়েছে! ওই ঘটনার প্রভাব যে তার ওপর পড়েছিল সেটার প্রমাণ মাঠেই দেখা গেছে। মেজাজ হারিয়ে হাতাহাতি করে লাল কার্ড দেখেছেন একেবারে শেষ মুহূর্তে। ম্যাচের পর তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। তার মন্তব্য, ‘এখন লা লিগা আসলে বর্ণবাদীদের।’
ঘটনাটি ঘটেছে গতকাল লা লিগায়। দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়া দর্শকদের বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিয়ুস। তার পর তো আঙুল দিয়ে সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন। এই উত্তেজনায় ম্যাচ বন্ধও ছিল কিছুক্ষণ।
পরে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়া জানিয়েছেন, ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডাকতে শুনেছেন তিনি। দলটির কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন, মাস্তেলায় বর্ণবাদী আবহ বিরাজ করছিল।
ম্যাচের পর ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস ক্ষোভ উগড়ে বলেছেন, ‘এটা প্রথমবার নয়। এমনকি দ্বিতীয় কিংবা তৃতীয়বারও নয়। লা লিগায় বর্ণবাদ খুবই স্বাভাবিক বিষয়। এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ মনে করে এটাই স্বাভাবিক। স্প্যানিশ ফেডারেশনও মনে করে এটা স্বাভাবিক বিষয়। ফলে প্রতিপক্ষ এটাকে আরও বেশি উৎসাহ দেয়।’
তার পরই তিনি লা লিগার সমালোচনা করে বলেছেন, ‘যে লিগ এক সময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্তিয়ানোর এবং লিও মেসির ছিল। এখন সেটা বর্ণাবাদীদের।’









