গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী মন্তব্যের শিকার হন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এনিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছিল তুলকালাম। মন্তব্যকারীদের গ্রেফতারও করা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবলারের প্রতি সংহতি প্রকাশ করেছেন বর্তমান ও সাবেকরা। ওই ম্যাচে মেজাজ হারিয়ে যে লাল কার্ড দেখেছিলেন, সেটাও বাতিল করা হয়েছে। কিন্তু তারপরও তাকে রায়ো ভায়েকানোর বিপক্ষে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। মাদ্রিদের পরের ম্যাচেও থাকছেন না তিনি।
টানা দ্বিতীয় ম্যাচে ভিনিসিয়ুসের না খেলার কথা শুক্রবার নিশ্চিত করেছেন রিয়ালের কোচ। সেভিয়ার মাঠেও খেলছেন না তিনি। শনিবারের লা লিগা ম্যাচে তার অনুপস্থিতির কারণ হাঁটুর অস্বস্তি।
এছাড়া করিম বেনজেমা ও মার্কো আসেনসিওকে ছাড়া এই ম্যাচ খেলবে রিয়াল। আনচেলত্তি বলেছেন, ‘ভিনিসিয়ুস আমাদের সঙ্গে যাচ্ছে না কারণ সে খেলবে না। তার খেলার সুযোগ থাকলে সে অবশ্যই যেতো (কিন্তু) তার হাঁটুতে এখনও সমস্যা আছে। এটা হোম কিংবা অ্যাওয়ে যে ম্যাচই হোক না কেন, সে খেলতে পারতো না। আমি আশা করি সে শেষ খেলায় থাকবে।’
গত বুধবার ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষেও খেলেননি ভিনিসিয়ুস। ২-১ গোলে জয়ের আগে ওই ম্যাচে সতীর্থরা তার ২০ নম্বর জার্সি পরে তাকে সমর্থন জানান।
বার্সেলোনার কাছে এই মৌসুমে শিরোপা হারানো রিয়াল আগামী ৪ জুন অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে।









