প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল, তারপরও ফাইনালে জিততে পারেনি আবাহনী লিমিটেড। গতবারের সেরা দলকে এবার রানার্সআপ হতে হয়েছে। আট গোলের রোমাঞ্চকর ম্যাচ টাইব্রেকারে জিতে ট্রফি হাতে নিয়েছে মোহামেডান। ম্যাচ হারের পেছনে নানান ব্যাখ্যা দাঁড় করিয়েছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস, সঙ্গে মোহামেডানের চার গোল করা সুলেমানে দিয়াবাতের প্রশংসাও করেছেন।
বিরতির পর আবাহনীর শুরুটা তেমন ভালো হয়নি, সেটাই ম্যাচ শেষে বলেছেন লেমস, ‘দ্বিতীয়ার্ধে আমাদের শুরুটা ভালো ছিল না। আমরা তাদের খেলায় ফেরার সুযোগ করে দিয়েছি। তারা সেই সুযোগ কাজে লাগিয়েছে। এমন ম্যাচে কোনও দল একবার এগিয়ে গেলে তখন সেখান থেকে জয় পাওয়া অনেক কঠিন। দুই দলেরই সমান সুযোগ ছিল। টাইব্রেকার ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।’
হারের দায় নিজের কাঁধে নিলেন লেমস, ‘এই হারের দায়ভার আমিই নিচ্ছি। আমাদের এই ম্যাচে জেতার কথা ছিল। আমরা শিরোপা জয়ের জন্য যোগ্য দল ছিলাম। তবে আমরা পারিনি। রাফায়েল অগাস্তো পুরোপরি ফিট ছিল না। তবে সে আমাদের অধিনায়ক। তাই তাকে খেলানো হয়েছে।’
টাইব্রেকারে দুটি সুযোগ নষ্ট করা নিয়ে তিনি বললেন, ‘টাইব্র্রেকারে দুটি শট মিস হবে এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। তবে এখানে গোলরক্ষককে কৃতিত্ব দিতে হয়। সে দারুণ সেভ করেছে।’
ফাইনালে দিয়াবাতে চার গোল করেছেন। টাইব্রেকারেও প্রথম শটে দেখা পান জালের। তাকে নিয়ে প্রশংসা করতে কুণ্ঠাবোধ ছিল না লেমসের, ‘বাংলাদেশে দিয়াবাতে অন্যতম সেরা একজন স্ট্রাইকার। সে আজ তার সেরাটা দিয়েছে। সকলকে নিজের সক্ষমতা দেখিয়েছে।’
এরপর চিরপ্রতিদ্বন্দ্বী দলকে শুভেচ্ছা জানিয়ে লেমস বলেছেন, ‘আমরাও ফাইনাল জয়ের কাছাকাছি ছিলাম। এটাই বাস্তবতা। অভিনন্দন মোহামেডান।’








