কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের ১-০ গোলে জেতা ম্যাচটায় ভূমিকা আছে রক্ষণ বিভাগের। লাল-সবুজরা রক্ষণ জমাট করে খেলেছে। তারিক-মেহেদি-বিশ্বনাথরা কোনও গোল হজম করতে দেননি। তবে শেষ দিকে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হয়ে আসে কাজী তারিক রায়হানের লাল কার্ড। কার্ড দেখে মাঠ ছেড়ে গেছেন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার। তাতে ভারতের বেঙ্গালুরুতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তারিকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে অন্যতম রক্ষণ স্তম্ভ তারিক দারুণ খেলেছেন। তবে প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকল করতে গিয়ে মাঝে-মধ্যে বিপদ ডেকে আনছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে শুরুর দিকে একবার দেখেন হলুদ কার্ড। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে যোগ করা সময়ে দেখেন দ্বিতীয়টিও। পরে অবশ্য তাকে থাইল্যান্ডের রেফারির সঙ্গে কিছুটা বাদানুবাদেও জড়াতে দেখা গেছে।
তারিকের বিদায় শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তার পরেও কোনও বিপদ হয়নি। তবে লাল কার্ড প্রাপ্তিতে লেবাননের বিপক্ষে ২২ জুনের ম্যাচটিতে অনিশ্চিত হয়ে পড়েছেন তারিক।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার হিসেবে তারিক প্রথম ম্যাচে নাও খেলতে পারেন। যেহেতু এটা ফিফা স্বীকৃত ম্যাচ। সাফের ম্যাচও তাই। সাফে যারা ম্যাচ কমিশনার থাকবে তাদের সঙ্গে কথা বলে তেমনই ইঙ্গিত পেয়েছি। তবে আজকের ম্যাচের কমিশনারের রিপোর্টের ওপর নির্ভর করছে অনেক কিছু। আমরা এরই মধ্যে ফিফার কাছে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য মেইল দিয়েছি।’









