বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে লেবানন টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আগের ম্যাচে বাংলাদেশকে হারানোর পর আজ রবিবার ভুটানের বিপক্ষেও জিতেছে। জয়ের ব্যবধান ৪-১। টানা দ্বিতীয় জয়ে লেবাননের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথটা আরও পরিষ্কার হয়েছে। বিপরীতে টানা দুই হারে ভুটানের বিদায় অনেকটা নিশ্চিত।
দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর মাঠে লেবানন প্রথমার্ধে দাপট দেখায়। ম্যাচ ঘড়ির ১১ মিনিটে এগিয়ে যায় তারা। আলী আল হাজের শট গোলকিপার প্রতিহত করেন। ফিরতি বলে মোহাম্মদ সাদেক সামনে থেকে গোল করেন।
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। দুজনকে কাটিয়ে দারুণ প্লেসিং শটে আলী আল হাজ গোল করেন। ৩৪ মিনিটে খলিল বাদের কর্নার থেকে প্লেসিং করে দলকে তৃতীয় গোল উপহার দেন।
৪৪ মিনিটে মাহাদি জেইনের শট জালে জড়ালে ভুটানের ঘুরে দাঁড়ানোর আশা অনেকটা নস্যাৎ হয়ে যায়। তবে বিরতির পর লেবাননের ওপর কিছুটা চাপ দিয়ে খেলার চেষ্টা করে ভুটান। গোলও শোধ দেয়।
৫৫ মিনিটে ভুটান পেনাল্টি পায়। চেনচো গেইলস্টেন নিতে এসে বাইরে মেরে দলের সবাইকে হতাশ করেন।
তবে ৭৯ মিনিটে চেনচো বক্সে ঢুকে দারুণ এক গোল করে প্রায়শ্চিত্ত করেন। তবে রেফারির শেষ বাঁশির সঙ্গে তাদের বড় ব্যবধানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।









