বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ৩-১ গোলে জয়ে ২০০৯ সালের পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জামাল ভূঁইয়ারা। বেঙ্গালুরুর মাঠে এমন পারফরম্যান্সের পর শিষ্যদের প্রশংসা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশের তিন গোলের দুটি করেছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। অন্যটি আত্মঘাতী হলেও রাকিবের অবদান কম নয়।
কাবরেরা তাই তাদের প্রশংসা করে সংবাদমাধ্যমকে বলেছেন, 'সুযোগ তৈরি করায় মোরসালিনের বিশেষ দক্ষতা আছে। সে গত ম্যাচে গোল করেছে। আজও ২০ মিনিটের (২২ মিনিটে) মধ্যে গোল করেছে। এই মুহূর্তে রাকিব অন্য পর্যায়ের ফুটবল খেলছে। মোরসালিন আর রাকিব আজ (বুধবার) দলের জন্য অনেক অবদান রেখেছে। তবে অন্যদেরও সহায়তা ছিল।’
শুরুতে গোল হজম করে বাংলাদেশ। তবে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচ জিতেছে। কাবরেরা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ‘আজ শুরুটা কঠিন ছিল আমাদের জন্য। আমরা কিছুটা নড়বড়ে ছিলাম। আত্মবিশ্বাসও খুঁজে পাচ্ছিলাম না। প্রথম ৪-৫ মিনিট ঠিক ছিল, এরপর আমরা নিজেদের খেলাটা খেলতে পারিনি। ভুটান খুব ভালো খেলেছে। আমরা জানতাম তারা শক্তিশালী। আমরা এক গোলে পিছিয়ে পড়ি। এরপর আমরা ফিরে আসি। তিনটি গোলও করেছি। দ্বিতীয়ার্ধে আমরা ঝুঁকি নিইনি। দলের পারফরম্যান্সে আমি খুশি।'
১ জুলাই প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। ম্যাচটা নিয়ে কাবরেরা বলেছেন, ‘সেমিফাইনালটা কঠিন হবে। তবে আমরা লড়াই করবো। কাল আমরা আবার প্রস্তুতি নেবো।’








