গত মৌসুমে আর্লিং হাল্যান্ড কী জেতেননি? ম্যানচেস্টার সিটিকে তিনটি মেজর ট্রফি জেতাতে অবদান ছিল নরওয়েজিয়ান তারকার। চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপ। তাতে সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে হারিয়ে প্রথমবার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন তিনি।
সিটি কোচ পেপ গার্দিওলা জিতেছেন বর্ষসেরা কোচের খেতাব। পেছনে ফেলেছেন ৩৩ বছর পর নাপোলিকে সিরি আ’ জেতানো ইতালিয়ান কোচ লুসিয়ানো স্পালেত্তি ও চ্যাম্পিয়নস লিগ রানার্স আপ ইন্টার মিলান কোচ সিমোন ইনজাগিকে।
বৃহস্পতিবার মোনাকোয় চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
গত মৌসুমেই সিটিতে যোগ দেন হাল্যান্ড। আর প্রথম মৌসুমেই সুবাস ছড়িয়ে ইউরোপ সেরার খেতাব জিতেছেন তিনি। সিটির ট্রেবল জয়েও বড় অবদান ছিল তার। সব মিলে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন। লিগে ৩৭ ম্যাচে করেছেন ৩৬ গোল। এই স্ট্রাইকার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙেছেন। সিটির হয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিততে ১১ ম্যাচে করেছেন ১২ গোল।









