জাতীয় দলে হাভিয়ের কাবরেরার অটো চয়েজ শেখ মোরসালিন। উদীয়মান এই তারকা এরই মধ্যে জাতীয় দলের হয়ে ৯ ম্যাচে ৪ গোল করে নিজেকে প্রমাণ করেছেন। তবে বসুন্ধরা কিংসের একাদশে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন কমই। মোরসালিনের সাম্প্রতিক চোটই এর মূল কারণ! তাতে উদ্বিগ্ন জাতীয় দলের কোচ কাবরেরা।
স্প্যানিশ কোচ গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কিংসের প্রথম একাদশে সুযোগ পেতে হলে মোরসালিনকে আরও লড়াই করতে হবে। সে এখনো তরুণ, ওকে বুঝতে হবে এই লড়াইয়ের প্রয়োজনীয়তা। তাকে আরও পরিশ্রম করতে হবে।’
চোটের কারণে মোরসালিন এখন লড়াই করছেন নিজেকে ফিরে পেতে। গত ২৬ ডিসেম্বর ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে ডান পায়ে ব্যথা পান তিনি। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন। সিটি স্ক্যানের পর গোড়ালির নিচের নার্ভে সমস্যা দেখা দেওয়ায় বিশ্রামে রয়েছেন। খেলা তো দূরের কথা, মাঠের অনুশীলনেই নেই তিন সপ্তাহের বেশি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসের এক ফাঁকে বাংলা ট্রিবিউনকে মোরসালিন সর্বশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘আমি তো চোটে পড়েছি অনেক দিন হলো। গোড়ালির ব্যথায় কাতর। সেই জায়গায় হাত দিলে বিদ্যুতের মতো ঝাঁকি খেতে হয়। তাই কিংসের হয়ে মাঠে দেখা যাচ্ছে না। এখন ব্যথা কিছুটা কম। আশা করছি, শিগগিরই মাঠের অনুশীলনে ফিরতে পারবো। একসময় খেলারও সুযোগ হবে।’
এই অবস্থায় মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে দলের অন্যতম অস্ত্রে পরিণত হওয়া মোরসালিন না ফিরলে হাভিয়ের কাবরেরার চিন্তা আরও বাড়াবে।








