চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগে এফসি কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের এগিয়ে রেখেছে তারা। একই সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে তাতে চোটের হানা জন্ম দিয়েছে দুশ্চিন্তার! জ্যাক গ্রিয়েলিশ ও বের্নার্ডো সিলভার ফিটনেস নিয়ে ভাবনায় পড়ে গেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
একমাসের বেশি সময় পর শুরুর একাদশে প্রথমবার খেলতে নেমেছিলেন গ্রিয়েলিশ। সেটা কাল হয়েই এসেছে তার। ২১ মিনিটে গ্রোয়িনের সমস্যায় বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন। দ্বিতীয় গোল করা সিলভা গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন দ্বিতীয়ার্ধে। এই অবস্থায় গুরুত্বপূ্র্ণ সব ম্যাচ সামনে থাকায় ভাবনায় পড়তেই হচ্ছে সিটি কোচকে। গার্দিওলা ম্যাচের পর বলেছেন, ‘আমি এখনও চিকিৎসকের সঙ্গে কথা বলিনি। তবে জ্যাকের মনে হচ্ছে পেশীতে সমস্যা। গত কয়েকদিন অবশ্য অনুশীলনে তাকে ভালো মনে হয়েছে। আমরা পরীক্ষা করে কিছু বলতে পারবো। আর বের্নার্ডো আঘাত পেয়েছে গোড়ালিতে।’
প্রথমে অগ্রগামিতা এনে দেন ডি ব্রুইনা। তার পর সিলভা ও ফিল ফোডেনের গোলে প্রথম লেগে নিজেদের সুবিধাজনক স্থানে রাখতে পেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। ম্যানচেস্টারে ৬ মার্চ দ্বিতীয় লেগ। পেপ গার্দিওলা শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আশা করছেন, কোয়ার্টার ফাইনালে যেতে পারবে তার দল, ‘আমরা জানি প্রতিপক্ষ কতটা কঠিন। তবে আমাদের ধারণাটা প্রথম লেগে ছিল পরিষ্কার। নিজেদের বিশেষত্ব রেখেই খেলেছি। প্রথম লেগটা এখনও নির্ধারক কিছু নয়। তবে ফলাফলটা ভালো। আশা করছি, কোয়ার্টার ফাইনালে যেতে পারবো।’








