ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত, ব্রাহিম দিয়াজের ক্রসে জুড বেলিংহ্যাম বল ঠেলে দিলেন জালে। তারপরই জয়ের আনন্দে দৌড় দিলেন ইংলিশ মিডফিল্ডার। কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারলেন গোল হওয়ার আগেই শেষ বাঁশি বেজে গেছে। রিয়াল মাদ্রিদ সতীর্থদের সঙ্গে রেফারিকে ঘিরে ধরেন তিনিও। তাকে লাল কার্ড দেখান রেফারি জেসুস গিল মানজানো। তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এই ঘটনায় রেফারির অভিযোগের প্রেক্ষিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন রিয়াল মিডফিল্ডারকে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করেছে। এই শাস্তিকে হাস্যকর বলেছেন বেলিংহ্যাম।
রেফারি বেলিংহ্যামের বিরুদ্ধে আগ্রাসী আচরণের অভিযোগ করেন। কিন্তু এমন কিছু করেননি বলে জানান ২০ বছর বয়সী ফুটবলার। লা লিগায় চলতি মৌসুমের শীর্ষ গোলদাতার মতে, নতুন খেলোয়াড় বলে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। বেলিংহ্যাম বলেছেন, ‘আমি মনে করি না, তাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কিছু বলেছি।’
তবে লাল কার্ড পাওয়ার রাস্তা নিজেই তৈরি করেছেন বললেন তিনি, ‘আমার অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি। আমার মনে হয় আমি নতুন, তাই তারা আমাকে দিয়ে উদাহরণ তৈরি করতে চাইছে। আমার কাজের জন্য আমাকে দায় নিতে হবে এবং আমি তাকে লাল কার্ড দেখানোর সুযোগ করে দিয়েছি।’
দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি মানতে পারছেন না বেলিংহ্যাম, ‘আমি মোটেও খুশি নই। তবে আমার মনে হয় লা লিগা ও ক্লাব আপিল করলে ভালো কিছু হবে। কারণ দুই ম্যাচ নিষেধাজ্ঞা একটু হাস্যকর। ওই দুই ম্যাচে খেলতে না পারার দায় আমার এবং আমি স্ট্যান্ড থেকে আমার দলকে সমর্থন দিবো।’








