বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণ করতে হবে, তা কে ভেবেছিল? ৪২ মিনিট পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করলেও ধস নামে তার পরেই। বিধ্বস্ত হয়েছে ৫ গোলে! এমন পরাজয়ে হতাশ বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরাও।
স্প্যানিশ কোচ মনে করেন, প্রথমার্ধের শেষে যা হয়েছে তাতেই সর্বনাশের শুরু। কাবরেরা ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’
ফিলিস্তিন ম্যাচের একসময়ে এসে ঝড় তুলবে, আক্রমণ শানাবে, সেটা জানতেন কাবরেরা। তবে লন্ডভন্ড করে দেবে, এমনটা আশা করেননি। তার ভাষায়, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই।’
এখন কুয়েতের মাঠের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান বাংলাদেশ কোচ, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’
২৬ মার্চ কিংস অ্যারেনায় একই প্রতিপক্ষের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ।









