সম্প্রতি অলিম্পিক কোয়ালিফায়ারের জন্য অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের জন্য বিবেচিত হননি নেস্টরি ইরানকুন্ডা। রাগে ক্ষোভে বুরুন্ডি কিংবা তানজানিয়ার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড। বাদ দেওয়ার অভিযোগ তোলার পর সুখবর পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড বাংলাদেশ ও ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ২৫ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করেছেন।
কিছুদিন পর বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার কথা ইরানকুন্ডার। তার এমন হুমকি ফুটবল সংশ্লিষ্টরা মোটেও ভালো চোখে নেননি। কিন্তু অস্ট্রেলিয়া কোচ হতাশ করেননি তাকে। তাতে প্রথমবার সকারুসদের দলে ডাক পেয়েছেন তিনি।
তার জন্ম পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার রিফিউজি ক্যাম্পে। বাবা-মা অবশ্য আরেক আফ্রিকান দেশ বুরুন্ডির। তারা অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর আগে ইরানকুন্ডা ছিলেন একেবারে ছোট। জুলাইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছেন তিনি। অথচ দুই মৌসুম ‘এ’ লিগে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে আলো ছড়িয়েও অভিষেকের কোনও সুযোগ পাননি।
আর্নোল্ডের দলে রয়েছেন মেলবোর্ন ভিক্টরির প্লেমেকার ড্যানিয়েল আজরানি। রাশিয়া বিশ্বকাপে সকারুসদের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সাড়া ফেলেছিলেন তিনি। ২০১৮ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে স্বপ্নপূরণ করেছেন তিনি। কিন্তু লোনে সেল্টিকের হয়ে খেলতে গিয়ে হাঁটুতে মারাত্মকভাবে আঘাত পেয়ে ছিটকে পড়েন। তাই রাশিয়া বিশ্বকাপের পর আর সকারুসদের হয়ে মাঠে দেখা যায়নি তাকে।
সম্প্রতি মেলবোর্ন ভিক্টরির হয়ে দারুণ মৌসুম কাটানোর কারণেই ২৫ বছর বয়সী আজরানির ডাক পড়েছে। যদিও শনিবার ‘এ’ লিগের শিরোপা নির্ধারণী মঞ্চে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের কাছে শিরোপা হারিয়েছে তারা।
নিয়মিত গোলকিপার ও অধিনায়ক ম্যাট রায়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে। আরজানির ভিক্টরি দলের সতীর্থ পল ইজ্জোর পাশাপাশি গোলকিপার জো গাউচি ও লরেন্স থমাসকে এই দলে রাখা হয়েছে। আনক্যাপড নিউক্যাসল জেটস ফরোয়ার্ড অ্যাপস্টোলোসও আছেন অভিষেকের অপেক্ষায়।
বাংলাদেশের বিপক্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ম্যাচটা হবে ৬ জুন। তার পর ১১ জুন পার্থে ফিলিস্তিনের মুখোমুখি হবে সকারুসরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
গোলকিপার: জো গাউচি, পল ইজ্জো, লরেন্স থমাস
ডিফেন্ডার: আজিজ বেহিচ, জর্ডি বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সার্কাটি, গেথিন জোন্স, কাই রোওলস, হ্যারি সোটার, রায়ান স্ট্রেইন
মিডফিল্ডার: ড্যানিয়েল আজরানি, কেনু বাক্কাস, ক্যামেরন ডেভিলিন, আজডিন হ্রাস্টিক, জ্যাকসন আরভিন, কনর মেটকাফ, জশ নিসবেট
ফরোয়ার্ড: মার্টিন বোয়েল, মিচেল ডিউক, নেস্টরি ইরানকুন্ডা, ম্যাট লেকি, অ্যাপোস্টলোস স্টেমাটেলোপোলোস, অ্যাডাম ট্যাগগার্ট ও কুসিনি ইয়েনগি।









