বাংলাদেশে গরমে ত্রাহি অবস্থা। আর কাতারে তো দিনের বেলা তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা নেমে আসে ৩৬ ডিগ্রিতে। এই দেশেই লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার অনুশীলনও শুরু করেছে জামাল-তপুরা। শুরুতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি মাঠে ঘাম ঝরাচ্ছে হাভিয়ের কাবরেরা দল।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে লেবানন ও বাংলাদেশ। নিজেদের হোম ম্যাচগুলো লেবানন খেলছে কাতারে।
এবার জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বাংলাদেশের ফুটবলাররা। এমনটাই আশা দলের সহকারী কোচ হাসান আল মামুনের, ‘বাংলাদেশ সময় রাত প্রায় তিনটা বেজে গেছে এখানে এসে পৌঁছাতে। সকালে জিম সেশন চলছে। দিনের বেলা তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াস থাকে। আমরা যখন ট্রেনিং করবো, তখন থাকবে ৩৬ ডিগ্রি। আমাদের এ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা আশা করছি দ্রুতই সেটা করতে পারবো।'
এরপরই তার বক্তব্য, 'বিশ্বকাপ বাছাইয়ে এ পর্বের শেষ ম্যাচ এটা। আমরা ঢাকায় অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে নিজেদের উজার করে দিয়ে খেলেছি। রক্ষণে আমরা বেশ উন্নতি করেছি। দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ এটা। প্রতিপক্ষ দল চাইবে ম্যাচ জিততে, আমরাও জিততে চাইবো। আমাদের প্রথম লক্ষ্য জয়। সেটা না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চাই।'
ডিফেন্ডার রহমত মিয়ার আশা, 'ভ্রমণ ভালো ছিল। সবাই সুস্থভাবে কাতারে এসে পৌঁছাতে পেরেছি। আজকে মূলত সকালে রিকভারি সেশন ছিল। জিমে হালকা কাজ করেছি, যাতে বিকেলে অনুশীলনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। এখানে গরম আছে। আমি চেষ্টা করছি এখানকার আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আশা করছি, ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারবো।'








