মঙ্গলবার রাতে কাতারে বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ রবিবার দ্বিতীয় দিন অনুশীলন করেছে জামাল-তপুরা। তবে কাতারের গরম নিয়ে তেমন উদ্বিগ্ন নন হাভিয়ের কাবরেরা ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। বরং মঙ্গলবারের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন সবাই।
বাফুফের দেওয়া বার্তায় আজ স্প্যানিশ কোচ কাবরেরা আবহাওয়া নিয়ে বলেছেন, 'আমরা জানতাম এখানে সকালের আবহাওয়া ভীষণ গরম হবে, ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সূর্য অস্ত যাওয়ার পর এখানকার তাপমাত্রা কমে যায়। (সকালের) ট্রেনিং সেশনের মতো ওতটা গরম থাকে না। আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। ম্যাচটাও এই সময়ে হবে। তো আমি মনে করি, ম্যাচ যেহেতু এই সময়ে, আবহাওয়া কোনও ইস্যু হবে না।'
মঙ্গলবার বাংলাদেশ দল ম্যাচে ভালো করতে চায়। কাবরেরা বললেন, ‘কাতারে এসে ট্রেনিং সেশনের সঙ্গে মানিয়ে নিয়েছে দল। এরপর খেলোয়াড়দের রিকভারি হয়েছে। গতকাল রিকভারিতে পুরো সময় গেছে। লাইন-আপে যারা আছে, তাদের খুবই হালকা ট্রেনিং সেশন হয়েছে। ৬০ মিনিটেরও কম সময় তারা অনুশীলন করেছে। নরম্যাল ও ইনটেন্স ট্রেনিং সেশন। লেবাননের বিপক্ষে আজ মূল ট্রেনিং সেশন হবে, আজ ও কাল। সবকিছু ভালো দেখাচ্ছে। ছেলেরা উন্মুখ হয়ে আছে গ্রুপ পর্ব ইতিবাচক ফল দিয়ে শেষ করতে।'
ডিফেন্ডার বিশ্বনাথের কাছে কাতার আর বাংলাদেশের আবহাওয়ায় তেমন পার্থক্য নেই, ‘এখানকার আবহাওয়া… সম্প্রতি বাংলাদেশের আবহাওয়া যেমন হয়ে গেছে, আমার কাছে এখানকার আবহাওয়া আর আমাদের আবহাওয়ার মধ্যে তেমন একটা পার্থক্য নেই। হয়তো উনিশ বিশ। এখন আবহাওয়া যেমনই হোক, সেটা মাথায় নিয়ে থাকলে তো আমাদের কাজ হবে না। আমাদের যেটা কাজ, সেটাই করতে হবে। আমরা যে লক্ষ্য নিয়ে আসছি, সেটা যেন পূরণ করতে পারি, সফল হতে পারি।'
দলের অবস্থা আগের চেয়ে ভালো। বিশ্বনাথ বললেন, 'দলের অবস্থা এখন অনেকটাই ভালো। অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা বড় একটা ম্যাচ খেলে এসেছি। ওইখানে আমরা হেরেছি, কিন্তু আমাদের খেলোয়াড়রা যেভাবে খেলেছে, ভালো করেছে, তো ওইটার কারণে আমরা খুব আশাবাদী। দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, সেভাবে যদি এখানে খেলতে পারি, তাহলে এখান থেকে ভালো কিছু করে ফিরতে পারবো।'









