গত ১০ বছর ধরেই শিরোপাহীন জার্মানি। স্বাগতিক হওয়ায় দলটা এবার আশায় বুক বেঁধেছে। গত আসরে শেষ ষেলো থেকে বিদায় নেওয়া জার্মানি টুর্নামেন্টও শুরু করেছে রেকর্ড গড়ে! স্কটল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করা স্কোরটি টুর্নামেন্ট ওপেনারে সবচেয়ে বড় জয়ের নজির। টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা আজ বুধবার রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এক সময়ের ফুটবল পরাশক্তি হাঙ্গেরির। তাদের আগে সন্ধ্যা ৭টায় আলবেনিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। রাত ১টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড।
গ্রুপ ‘এ’ থেকে জার্মানির পর হাঙ্গেরিকে দ্বিতীয় সেরা দল বলা হচ্ছে। কিন্তু প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরে বিপদে পড়েছে তারা। আজ হারলে ছিটকে যাওয়ার কাছে চলে যাবে। আবার জার্মানিও আছে চাপে। একে তো এক দশক কোনও শিরোপা নেই। তার ওপর স্বাগতিক। ইউরোতে শুরুর দুই ম্যাচ জয়ের রেকর্ড নেই অনেক দিন হলো। এমনটা হয়েছে মোটে পাঁচবার। ১৯৭২, ১৯৮০, ১৯৯৬ সালের পর সর্বশেষ ২০১২ সালে এমনটা করতে পেরেছে। তার ওপর দুই দলের সর্বশেষ তিন লড়াইয়েও ছিল গোলের ছড়াছড়ি- ২০টি। তার মধ্যে প্রতি বারই গোলের সূচনা করেছে হাঙ্গেরি! তাই হাঙ্গেরিকে নিয়ে চিন্তিত জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান, ‘এটা ঠিক এখন ওরা আমাদের চেয়েও বেশি চাপে। তাদের আরও কিছু পাওয়া উচিত ছিল। ফলে আমাদের বিপক্ষে তারা আরও বেশি আক্রমণাত্মক থাকবে, যেমনটা তারা সুইজারল্যান্ডের বিপক্ষে ছিল।’
হাঙ্গেরির আক্রমণাত্মক শরীরী ভাষাকেই ভয় নাগেলসম্যানের। তার কথা, ‘তাদের শরীরী ভাষা আক্রমণাত্মক। আমরা যদি রক্ষণটা ভালো মতো সামলাতে পারি সেটা আমাদের ভালো সুযোগ এনে দেবে। সেটা বাজে হয়ে গেলেই ঝুঁকি থাকবে।’
ঘারের মাঠে হাঙ্গেরির সঙ্গে জার্মানির রেকর্ডও ভালো নয়। সর্বশেষ ৬ ম্যাচের মাত্র একটি জিতেছে। সর্বশেষ তিন ম্যাচেও হাঙ্গেরিকে হারাতে পারেনি জার্মানি। ২০২০ ইউরোর ম্যাচটি ২-২ ড্রয়ে শেষ হয়েছে। তাছাড়া ইউরোতে আসার আগে দুর্দান্ত ফর্মেও আছে হাঙ্গেরি। ১২ ম্যাচে একটিও পরাজয় নেই। দলটির কোচ মার্কো রসি অবশ্য বাস্তবতার কথা বলেছেন, ‘শুধু কাগজে-কলমে নয়। জার্মানি আমাদের চেয়েও ভালো দল। তাতে আমরা মনে কিছু করি না। বরং তাতে আরও উজ্জীবিত হওয়া উচিত। সেরাটা দেওয়া উচিত। আশা করবো, একটি পয়েন্ট যেন নিতে পারি এবং পরের রাউন্ডে যেতে পারি।’








