২০১৮-২০১৯ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক বসুন্ধরা কিংসের। শুরু থেকে এখনও দলটি বেশ দাপট দেখিয়ে আসছে। প্রিমিয়ার লিগে পাঁচটি, ফেডারেশন কাপ দুটি ও স্বাধীনতা কাপে একটি ট্রফি জিতেছে। সব ট্রফির পেছনে রয়েছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের ভূমিকা। তবে এবার আসছে নতুন মৌসুমে কিংস কর্তৃপক্ষ ব্রুজনের জায়গায় নতুন কোচ বেছে নিচ্ছে। এরইমধ্যে নতুন সিদ্ধান্ত ব্রুজনকে জানিয়ে দেওয়া হয়েছে।
ঘরোয়া ফুটবলে কিংস আশাতীত সাফল্য পেলেও এএফসি কাপে বারবারই ব্যর্থ হচ্ছিল। কোনও সময়ই নকআউট পর্ব পেরোতে পারেনি। এছাড়া দীর্ঘদিন দলটিতে থেকে স্প্যানিশ কোচ নিজের একটা বলয় তৈরি করে ফেলেছিলেন। যা দলে কিছুটা বিভেদও সৃষ্টি করেছে। বিশেষ করে লিগের শেষের দিকে দুই ব্রাজিলিয়ান রবিনিয়ো ও মিগেল যেভাবে প্রকাশ্যে ‘মুখোমুখি’ হয়েছিলেন, সেটা কর্তৃপক্ষ ভালো দৃষ্টিতে নেয়নি। শোনা যায় এর পেছনে ব্রুজনের কিছুটা ‘ইন্ধন’ থাকলেও থাকতে পারে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক কিংবা যে কারও সঙ্গে ‘লড়াই’ করতে যাওয়াটাও ছিল নেতিবাচক। ব্রুজনের অধীনে কিংস ঘরে ‘বাঘ’ আন্তর্জাতিক স্তরে ব্যর্থ। সব মিলিয়ে ব্রুজনের বিদায় নিশ্চিত হয়েছে। ব্রুজনের বিদায় নিশ্চিতকরণ নিয়ে কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অস্কার ব্রুজনকে আমরা আর রাখছি না। এরইমধ্যে তাকে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে নতুন কোচ ঠিক হবে। নতুন কোচ এশিয়াতে কাজ করেছেন। আশা করি শিগগিরই জানতে পারবেন। ব্রুজন তো অনেক দিন হলো কাজ করেছেন। এখন তার একটি সন্তান হয়েছে। পরিবারে ব্রুজনকে সময় দিতে হবে।’
২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ব্রুজন কিংসে যোগ দেন। প্রায় ৬ বছর কাজ করে এখন পত্রপাঠ বিদায় নিতে হচ্ছে তাকে!








