ইউরোর সর্বোচ্চ গোলদাতা তথা গোল্ডেন বুট নিয়ে একটু সর্বশেষ আসরে যাওয়া যাক। সেই আসরে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে চেচিয়ার প্যাট্রিক শিক ৫ গোল নিয়ে সমতায় অবস্থান করছিলেন। তার পরেও গোল্ডেন বুট উঠেছিল পর্তুগিজ তারকার হাতে। কারণ সমতায় থাকায় অ্যাসিস্ট গোলে এগিয়ে থাকার সুবাদেই রোনালদো গোল্ডেন বুট জিতেছিলেন। এবার সেই লড়াইয়ে আছেন ৬জন। কারণ সবারই গোলের সংখ্যা সমান। এবার উয়ফা জানিয়ে দিয়েছে, ফাইনালে এই সংখ্যায় কোনও বদল না হলে গোল্ডেন বুট ভাগাভাগি করবেন ছয়জনই।
৩ গোল নিয়ে এবার তালিকার ৬জন হলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, স্পেনের দানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার মিকাতুদাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও স্পেনের ফাবিয়ান রুইজেরও আছে দুই গোল। ফলে গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে ফাইনালে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ আছে তাদের। কিন্তু সবচেয়ে ফেভারিট অবস্থানে কেইন ও ওলমো। কিন্তু এই দুজন শিরোপা মঞ্চে গোল বাড়িয়ে নিতে ব্যর্থ হলে ৬জন ৩ গোল নিয়ে সমতাতেই অবস্থান করবেন। সেক্ষেত্রে পূর্বের আসর থেকে নিয়মের পরিবর্তনে গোল্ডেন বুট ভাগাভাগি করবেন ৬জন!
যদি কেউ তিনগোলের তালিকায় নতুন স্কোর যোগ করতে না পারেন, তাহলে ২০১২ সালের পর এত কম গোলের নজির দেখা যাবে। সেবার স্পেনের ফার্নান্দো তোরেস, জার্মানির মারিও গোমেজ ও রাশিয়ার অ্যালান জাগোয়েভরা তিন গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন। তাদের মধ্যে তোরেসকে গোল্ডেন বুটের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তিনজনের সমান স্কোর হওয়ায় তখন বিবেচনায় নেওয়া হয় সবচেয়ে কম মিনিট খেলার বিষয়টিকে। সেই সুবাদে বিজয়ী হন তোরেস।









