শুরুতেই বিতর্কে জড়িয়েছে প্যারিস অলিম্পিক। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছেন কানাডার নারী ফুটবল টিমের একজন স্টাফ। তার নাম জোয়ে লোমবার্ডি।
৪৩ বছর লোমবার্ডি কানাডার নারী ফুটবল দলের একজন অ্যানালিস্ট। তিনি সেঁত এতিয়েনে নিউজিল্যান্ডের ট্রেনিং সেশন ড্রোন দিয়ে গোপনে পর্যবেক্ষণ করার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় কানাডিয়ান ফুটবলের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে অভিযোগ জানিয়েছিল নিউজিল্যান্ড। তারপরেই ওই স্টাফকে আটক করে ফরাসি কর্তৃপক্ষ। আদালত তাকে ৮ মাসের স্থগিত কারাদণ্ডাদেশের শাস্তি শুনিয়েছে।
গুপ্তচরবৃত্তির এই ঘটনায় লোমবার্ডির সঙ্গে সংশ্লিষ্ট আরেকজন হলেন জেসমিন মান্ডার। তিনি কানাডার সহকারী কোচ। তার কাছেই রিপোর্ট করতেন লোমবার্ডি। আটকের পর বুধবার সেঁত এতিয়েনে আদালতে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছেন লোমবার্ডি। যার সত্যতার কথা নিশ্চিত করেছে এএফপি।
বিতর্কে নাম জড়ানোয় কানাডার হেড কোচ বেভ প্রিয়েস্টম্যান কানাডার ওপেনিং ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনায় সহকারী কোচ ও অ্যানালিস্টকে অলিম্পিকে রাখছে না কানাডা। তাদের দল থেকে সরিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে।









