স্পেনের ইবিজায় লিওনেল মেসির বাড়িতে মঙ্গলবার হামলা করে পরিবেশবাদী আন্দোলনকর্মীদের একটি দল। তারা ওই বাড়ির দেয়ালে স্প্রে দিয়ে ‘ধনীরা নিপাত যাক’ লিখে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে ধনীদের কারণে পরিবেশের বিপর্যয়ের কথাও স্মরণ করিয়ে দেয় মেসিকে।
বুধবার ওই হামলার প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। স্পেনের কমিউনিস্টরা মেসির বাড়ি ধ্বংস করেছে বলে তার দাবি। দেশটির সরকারের কাছে সেখানে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন মিলেই।
আর্জেন্টিনা প্রেসিডেন্ট এক্স-এ লিখেছেন, ‘জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের হত্যা করার জন্য লিওনেল মেসির বাড়ি ধ্বংস করে ফেলেছে স্পেনের কমিউনিস্টরা। এই কাপুরুষের মতো কাজের প্রতিবাদ জানাই আমি, আর মেসির পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছি। পেদ্রো সানচেজের সরকারের কাছে স্পেনে থাকা আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি। যারা সফল তাদের প্রতি হিংসা, ঘৃণা ও বিরক্তি দ্বারা চালিত আদর্শ হচ্ছে কমিউনিজম। মুক্ত ও সভ্য পৃথিবীতে এর কোনও জায়গা নেই।’
বার্সেলোনা ছাড়ার পর ২০২২ সালে এই বিলাসবহুল বাড়ি কেনেন মেসি। সেখানে না থাকলেও অবকাশ যাপনের জন্য এটি ব্যবহার করেন তিনি।
পরিবেশবাদী সংগঠন ফুতোরো ভেজেতালের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বাড়ি দেয়ালে লাল ও কালো রং দিয়ে স্লোগান লেখা। মেসির বাড়ির সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের হাতে থাকা একটি ব্যানার, যেখানে লেখা, ‘অনুগ্রহ করে পৃথিবীকে সাহায্য করুন। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’








