ঝামেলাটা হয়েছিল গত ইউরোর বাছাই টুর্নামেন্টেই। কোচ ডমেনিকো তেদেস্কোর সঙ্গে বিবাদে জড়িয়ে বেলজিয়াম দলের ক্যাম্প ছেড়ে যান থিবা কুর্তোয়া। অথচ রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাঠে নেমেছিলেন তিনি। সেই বিবাদ চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে। বেলজিয়াম গোলকিপার জানিয়ে দিয়েছেন, যতদিন তেদেস্কো দায়িত্বে থাকবেন, দলে ফিরবেন না তিনি! সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই কথা জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কুর্তোয়া বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে যেসব হয়েছে, তার প্রতিফলনের পর সিদ্ধান্ত নিয়েছি, তার অধীনে আমি বেলজিয়াম দলে আর ফিরবো না।’
বেলজিয়ামের হয়ে ১০২টি ম্যাচ খেলা কুর্তোয়ার কথা, ‘এই বিষয়ে আমি নিজের দায়দায়িত্ব কাঁধে নিচ্ছি। যদিও সামনের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার ওপর আমার আস্থার ঘাটতি আন্তরিক পরিবেশ বজায় রাখার পথে কোনো ধরনের সমস্যা অসুবিধা তৈরি করবে না।’
ঝামেলাটা হয়েছিল ইউরো কোয়ালিফায়ারে। বাছাইয়ের আগেই কুর্তোয়াঅনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে বেলজিয়াম কোচ তেদেস্কো জানান, রিয়াল মাদ্রিদ গোলকিপারকে অধিনায়ক হিসেবে বেছে না নেওয়াতেই সংকটের সৃষ্টি। কুর্তোয়া যদিও তেদেস্কোর দাবিকে উড়িয়ে দিয়েছিলেন। তখন বলেছিলেন হাঁটুর ইনজুরির কারণে ক্যাম্প ছেড়েছেন তিনি।








