সান মারিনো, ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১০তম, একদম সবার শেষে। তারা বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে ১-০ গোলে হারালো লিখটেনস্টেইনকে। তাদের ফুটবলে লেখা হলো নতুন ইতিহাস। বিশ্বের সবচেয়ে খারাপ দল প্রথমবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে জিতলো এবং ২০ বছরে প্রথমবার করলো গোল।
ইতালিবেষ্টিত ছোট দেশ সান মারিনোর এই ইতিহাস গড়ার কারিগর নিকো সেনসোলি। ৫৩তম মিনিটে গোল করেছেন তিনি। সান মারিনোর সবশেষ জয় এসেছিল একই দলের বিপক্ষে প্রীতি ম্যাচে, ২০০৪ সালের এপ্রিলে।
লিখটেনস্টেইনও যে র্যাঙ্কিংয়ে সান মারিনোর চেয়ে অনেক এগিয়ে, তা নয়। ১৯৯তম তারা। এই দলের বিপক্ষে একমাত্র গোলে ১৪০ ম্যাচের জয়খরা কাটালো তারা। তাও আবার গোল করলেন তিনি, সান মারিনোর আগের জয়ের সময় যার জন্মই হয়নি!
১৯ বছরের সেনসোলির গোলের পর প্রত্যাশিতভাবে বুনো উল্লাসে মেতে ওঠেন সান মারিনো স্টেডিয়ামে আগত দর্শকেরা। আট মিনিটের যোগ করা সময় শেষ হতেই জয়ের আনন্দে ভাসেন তারা।
তিন দলের গ্রুপ-১ এ এখন শীর্ষে সান মারিনো। তাদের গ্রুপে অন্য দল জিব্রাল্টার।
১০ ড্র ও ১৯৯ হারের সঙ্গে এবার সান মারিনোর রেকর্ডে যুক্ত হলো ২ জয়!








