কোপা আমেরিকার ফাইনালের ৫৮ দিন পর আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মায়ামিতে ওই ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টাইনরা। এবার বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট। এই ম্যাচের আগে চোটের সমস্যায় ভুগছেন আর্জেন্টিনার দুই খেলোয়াড়- অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালেস। কলম্বিয়ার বিপক্ষে এই দুই খেলোয়াড়ের খেলা নিয়ে অনিশ্চিত কোচ লিওনেল স্কালোনিও।
আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য ম্যাক অ্যালিস্টার বুয়েন্স আয়ার্সে দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন। তবে গঞ্জালেস অনুশীলন করেছেন আলাদা।
চিলির বিপক্ষে দুজনই একাদশে ছিলেন। ম্যাক অ্যালিস্টার তো গোলও করেছিলেন। তাদের দুজনকে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া যাবে কি না এনিয়ে স্কালোনি বলেছেন, ‘আমরা এখনও ঠিক করিনি একাদশ কেমন হবে। তবে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন আসবে।’
গঞ্জালেস ও ম্যাক অ্যালিস্টার না খেললে বিকল্প হিসেবে আছেন লিয়ান্দ্রো পারেদেস ও জিওভান্নি লু সেলসো। লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজের মধ্যে কেউ বিশ্রামে থাকলে একাদশে ঢুকতে পারেন পাওলো দিবালা।







