নেশন্স লিগে ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন হ্যারি কেইন। মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটাই দিয়েছেন তিনি। তার জোড়া গোলে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্সরা।
ওয়েম্বলিতে ইংল্যান্ড অধিনায়ক নজরকাড়া দুটি গোলই করেছেন দ্বিতীয়ার্ধের ৫৭ ও ৭৬ মিনিটে। ৩১ বছর বয়সী দেশের হয়ে দশম খেলোয়াড় হিসেবে খেললেন শততম ম্যাচ। যে অভিজাত ক্লাবে আছেন ডেভিড বেকহ্যাম ও ববি মুররা।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলার রেকর্ডটা গোলকিপার পিটার শিল্টনের। আর আউটফিল্ডে সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা হচ্ছেন ওয়েইন রুনি, ১২০টি। এখন দুটি মাইফলক অতিক্রম করা হয়তো কেইনের জন্য কঠিন কিছু হবে না। তাছাড়া ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ব্যক্তি তিনি। তার আগে এমনটা করতে পেরেছিলেন রুনি ও ববি চার্লটন। ২০১৪ সালে রুনি স্লোভেনিয়ার বিপক্ষে মাইফলকের ম্যাচে গোল করেন। চার্লটন ১৯৭০ সালে গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে।
ম্যাচ খেলার দিক দিয়ে এখনও পেছনে থাকলেও দেশের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তিটা আগেই করে ফেলেছেন কেইন। ২০২৩ সালের মার্চেই সেটা করে ফেলেছিলেন। জোড়া গোলের পর তার সংখ্যা এখন ৬৮টি।
মাইলফলকের ম্যাচে বিশেষ স্মারক হিসেবে ম্যাচের আগে পেয়েছেন গোল্ডেন ক্যাপ। পায়ে পরেছিলেন গোল্ডেন বুট! বল দখলে এগিয়ে থাকলেও সেটা গোলে রুপান্তর করতে বেশ সংগ্রাম করতে হচ্ছিল ইংলিশদের। কেইন নিজেই দুবার ব্যর্থ হয়েছিলেন। একটি গোল তো বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত ৫৭ মিনিটে ডেডলক ভাঙেন তিনি। এই জয়ে লিগ ‘বি’র গ্রুপ দুইয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে গ্রিস।









