রিয়াল মাদ্রিদের সর্বশেষ জয়ে অবদান ছিল কিলিয়ান এমবাপ্পের। তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তার দৃষ্টিতে ফরাসি ফরোয়ার্ড রিয়ালে আসার পর আরও উন্নতি করেছেন। হয়ে উঠছেন সতেজ এবং তৎপর। আনচেলত্তির মতে, রিয়ালে যোগ দেওয়ার পর এই ম্যাচটা ছিল এমবাপ্পের এখন পর্যন্ত সেরা।
অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেও লড়াই করতে হয়েছে মাদ্রিদের অভিজাতদের। ২-০ গোলের জয়ে দুটি এসেছে পেনাল্টি থেকে। যার একটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র আরেকটি কিলিয়ান এমবাপ্পে। একটি গোল করে লা লিগায় এই মৌসুমে এমবাপ্পের ৫ ম্যাচে গোল এখন তিনটি। তাকে নিয়ে আনচেলত্তির মূল্যায়ন, ‘এমবাপ্পে এখন আরও সতেজ এবং তৎপর। ভিনি, অন্যান্য ফরোয়ার্ডদের মিলিয়ে সে খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। এটা বলার অপেক্ষা রাখে না সে উন্নতি করছে। আমি তার খেলা পছন্দ করেছি।’
স্পট কিক থেকে এই ম্যাচে গোল করেছেন ভিনি ও এমবাপ্পে দুজনেই। এখন পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে মূল দায়িত্বটা আসলে কার? এমন প্রশ্নে এই কোচ অবশ্য বিষয়টা ওই দুজনের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি, ‘প্রথম ভিনি স্কোর করেছে। তার পর তারা সিদ্ধান্ত নিয়েছে কিলিয়ানেরও একটা নেওয়া উচিত। তারা দুজনেই দায়িত্ব পালন করেছে। এখন পর্যন্ত ব্যাপারটা ভালো মতোই এগিয়েছে।’
রিয়াল মাদ্রিদ শতভাগ ছন্দ খুঁজে পায়নি এখনও। আনচেলত্তিও মানেন সেটা, ‘আমরা শতভাগ ছন্দে ছিলাম না। এটা স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগতভাবে ছেলেরা খুব উন্নতি করেছে। আমরা এই ম্যাচের সব সমস্যা নিয়ে কথা বলতে পারি। তার পরেও আমি আনন্দিত। বিশেষ করে চার মিডফিল্ডার না থাকলে ভারসাম্য রক্ষা করা কঠিন।’
এমবাপ্পে নিজেও রিয়াল মাদ্রিদ টিভিকে জানিয়েছেন, নতুন পরিবেশে ঠিকমতোই খাপ খাইয়ে নিচ্ছেন তিনি। প্রতিটি ম্যাচে ধীরে ধীরে স্বস্তিবোধ করছেন, ‘প্রতিটি ম্যাচে ভালোবোধ করছি। দল, কোচ এবং সতীর্থরা কী চায়, সেটা বোঝার চেষ্টা করছি। ম্যাচে আমি ও ভিনি একে অপরকে খুঁজে বের করার চেষ্টা করি। অনুশীলনেও সেই সংযোগের চেষ্টা থাকে। সে দুর্দান্ত একজন খেলোয়াড়।’









