লা লিগায় শুরুতে ধাক্কা খেয়েও এস্পানিওলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু যে বিষয়টা ভাবনার সেটা হচ্ছে সব মৌসুম মিলিয়ে প্রথমার্ধে মাত্র একবারই গোল করতে পেরেছে তারা। তাছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচেও প্রথমার্ধ ছিল গোলহীন। উল্টো গোলকিপার থিবো কুর্তোয়ার ভুলে আত্মঘাতী গোল খেয়ে ৫৪ মিনিটেই যায় পিছিয়ে। শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তনে জয় নিয়ে মাঠ ছেড়েছে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও তাতে সন্তুষ্ট। বলেছেন, আস্তে আস্তে উন্নতি করছে তার দল।
শুরুতে বিশ্রামে থাকা ভিনিসিয়ুস বদলি হয়ে নামতেই ম্যাচের গতিপ্রকৃতি যায় পাল্টে। তার পর ৭৫ মিনিটে রদ্রিগো, ৭৮ মিনিটে ভিনিসিয়ুস ও ৯০ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোলে আসে দুর্দান্ত এক জয়। ম্যাচ নিয়ে পরে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয়েছে ম্যাচটা ভালো ছিল। এস্পানিওল শুরুতে এগিয়ে যাওয়ার পর ভালোভাবেই আমরা জবাব দিতে পেরেছি। ছন্দ নিয়ে আমরা আরও খেলেছি। তাছাড়া সুযোগও ছিল।’
এই মৌসুমে এখনও সেভাবে নজরকাড়া নৈপুণ্যে দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তার পরেও লা লিগায় চার জয় নিয়ে এখনও অপরাজেয় তারা। ড্র আছে দুটি। তাতে ৩৮ লিগ ম্যাচে তারা এখনও অপরাজিত। যেটার শুরু গত বছরের সেপ্টেম্বর থেকে। তবে দুই অর্ধের খেলাতে ভীষণ পার্থক্য লক্ষ্য করা গেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোলের ১৭টি এসেছে দ্বিতীয়ার্ধে। এ নিয়ে আনচেলত্তির মন্তব্য, ‘বিষয়টা নিয়ে ম্যাচের আগে ছেলেদের সঙ্গে কথা বলেছি। যাতে সেটার পরিবর্তন আনতে পারি। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তার পরেও ৩৮টি ম্যাচ অপরাজেয় থাকাতে এটাই প্রমাণ হচ্ছে যে, দল ভালো করছে।’









