প্রিমিয়ার লিগে তিন ম্যাচে দুটি লাল কার্ড দেখেছে আর্সেনাল। নিজের দলের এই অবস্থায় মৌসুমে এবার লাল কার্ডের ছড়াছড়ি দেখছেন দলটির কোচ মিকেল আর্তেতা। তিনি মনে করছেন, প্রিমিয়ার লিগে এবার ১০০ ম্যাচে অন্তত একটি করে লাল কার্ড দেখা যাবে!
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্রয়ের দিনে লাল কার্ড দেখেছেন আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড।
প্রথমার্ধে বিরতিতে যাওয়ার ঠিক আগে ইনজুরি টাইমের অষ্টম মিনিটে রেফারি ফাউলের বাঁশি বাজানোর পরও বলে লাথি মেরে ক্ষোভ ঝারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিয়ান্দ্রো ট্রসার্ড। তার আগে বের্নার্ডো সিলভাকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। তিন ম্যাচে দ্বিতীয়বার এমন লাল কার্ডের ঘটনায় আর্তেতার মনে হচ্ছে, সামনে এসব আরও বাড়বে, ‘আমি আসলে এটাই বলছি। এটা ঠিক যে বিষয়টা নিয়ে মন্তব্য করার কিছু নেই। কিন্তু দ্বিতীয়বার এমনটি ঘটায় মনে হচ্ছে প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচে ১০ জনের দলের বিপক্ষে ১১জন কিংবা ৯ জনের দলের বিপক্ষে ১০ জনকে খেলতে দেখা যাবে। এখন দেখা যাক কী হয়।’
লাল কার্ডের ঘটনায় নিজের মন্তব্য চাওয়া হলে আর্সেনাল কোচ বলেছেন, ‘চাইলে মন্তব্য করতাম। কিন্তু সেটা ইচ্ছা করছে না।’








