নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের সামনে।
সেই লক্ষ্যে মঙ্গলবার নেপালের উদ্দেশে রওনা দেবে সাবিনা খাতুনরা। সোমবার ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ইংলিশ কোচ বাটলার। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।
গতবার সেরা গোলকিপারের পুরস্কার পাওয়া রূপনা চাকমা যথারীতি এবারও দলের প্রথম পছন্দ। আছেন বয়সভিত্তিক সাফে আলো ছড়ানো ইয়ারজান বেগম ও মিলি আক্তার।
সাফ জয়ের পর ফুটবল থেকে দূরে সরে যাওয়া ডিফেন্ডার
আঁখি খাতুন অবশ্য নেই। তবে মাসুরা পারভিন, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়রদের সঙ্গে এবার নতুন সুযোগ পেয়েছেন কোহাতি কিসকু আফিদা খন্দকারেরা।
মাঝমাঠে ভরসা মনিকা চাকমা ও মারিয়া মান্দা। এবারও তাদের সঙ্গী সানজিদা আক্তার। সিরাত জাহান স্বপ্না আচমকা অবসর নেওয়ায় আক্রমণভাগে এবার সাবিনা খাতুন, তহুরা ও কৃষ্ণা রানী সরকারদের ওপর চাপটা বেশি।
সাবিনা ও কৃষ্ণার সঙ্গে আক্রমণভাগে আছেন সাগরিকা।
সাফের স্কোয়াডে নতুন মুখ ৯ জন। মানে এই প্রথম তারা সাফ খেলতে যাচ্ছেন। সেখানে ইয়ারাজান, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা অন্যতম।
গতবারের দল থেকে নেই আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাস।
বাংলাদেশ দল: রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্না চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সাগরিকা।







