কোচিং ক্যারিয়ারে পেপ গার্দিওলার কতশত অর্জন, সেখানে হয়তো কলঙ্কের দাগ ফেললো এই দিনটা। ব্রাইটনের কাছে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে ম্যানসিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার। কোচ হিসেবে কখনও টানা চার হার দেখেননি গার্দিওলা।
ব্রাইটন ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। পিছিয়ে পড়েও বিরতির পর দুই গোল দিয়েছে তারা ঘরের মাঠে। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা দুই হার দেখলো সিটি। এছাড়া লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগে হেরেছে তারা।
লিগ কাপে টটেনহ্যামের কাছে হার দিয়ে শুরু, তারপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের চমক। চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিং লিসবনের কাছে হারের পর ব্রাইটনের মাঠে পরাজয়।
২৩ মিনিটে আর্লিং হাল্যান্ড গোল করে এগিয়ে দেন সিটিকে। লিগে দ্রুততম ৭৫ গোলের রেকর্ড গড়েন তিনি। ৭৭তম ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি অ্যালান শিয়ারারকে (৯৩) পেছনে ফেলে।
বিরতির পর ৭৮ মিনিটে জোয়াও পেদ্রো সমতা ফেরান। ৫ মিনিট পর ও'রাইলিকে দিয়ে গোল করান তিনি।
১৮ বছরে প্রথমবার টানা চার হার দেখলো সিটি, ২০০৬ সালের পর প্রথমবার।
এই হারে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। পরের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে লিভারপুল শীর্ষে শক্ত অবস্থান নিয়েছে। ম্যানচেস্টার ক্লাবকে পাঁচ পয়েন্টে পেছনে ফেলেছে অলরেডরা। ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহর গোলে নবম জয়ে ২৮ পয়েন্ট তাদের।









