ইংল্যান্ডে কমিনিউটি শিল্ড কিংবা স্প্যানিশ সুপার কাপের আদলে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে প্রচলন হচ্ছে চ্যালেঞ্জ কাপ। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপের রানার্সাআপ মোহামেডান প্রথমবারের মতো ট্রফির জন্য লড়বে। শুক্রবার কিংস অ্যারেনাতে বিকাল ৫টার ম্যাচ জেতার জন্য দুই দলের মধ্যে প্রস্তুতি কম নয়।
প্রথমবারের মতো এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। যার জন্য কিংস অ্যারেনার গ্যালারি নতুন করে সাজানো হয়েছে। ৫ আগস্টের পট পরিবর্তনে যারা জীবন দিয়েছেন সেই আবু সাঈদ ও মীর মুগ্ধসহ আরও শহীদদের গ্রাফিতি করা হয়েছে।
এমন আসরে খেলতে এসে মোহামেডান অধিনায়ক আলফাজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই আসরে আমরা প্রথমবার খেলতে যাচ্ছি। ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি এই ম্যাচটা খেলার জন্য। দলে কোন চোট সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নামবো।’
নতুন মৌসুমে প্রথম ম্যাচ দিয়েই ভালো করার লক্ষ্য আলফাজের। তাই তো বলেছেন, ‘এই টুর্নামেন্ট বা এই ম্যাচ আমাদের কাছে একেবারেই নতুন, তবে চেষ্টা থাকবে এই ম্যাচে ভালো করে নতুন বছরটা আরও ভালোভাবে শুরু করার।’
ঘরোয়া ফুটবলে তিনটি টুর্নামেন্টের শিরোপা জিততে চাইছে মোহামেডান। কোচের কথাতেই সেটা পরিষ্কার,‘আগের বসুন্ধরা কিংস ও এই বসুন্ধরা কিংস একই মানের দল। অস্কার ব্রুজন ভালো করছিলেন, বর্তমান কোচও ভালো। বসুন্ধরা কিংস বাংলাদেশের সেরা দল। মোহামেডানের কোচ কোনও গুরুত্বপূর্ণ বিষয় না, খেলোয়াড়রাই গুরুত্বপূর্ণ। মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব। আমরা তিনটি টুর্নামেন্টে শিরোপার জন্য লড়বো।’
কিংসকে আগে হারানোর অভিজ্ঞতা আছে মোহামেডানের। দুইদলের লড়াইয়ে তাই অন্য আমেজও থাকে। ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুর মতে তাদের জয় ছাড়া বিকল্প নেই, ‘চ্যালেঞ্জ কাপটা আমাদের কাছে নতুন। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আশা করি, আমরা জিততে পারবো। মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব, আমাদের প্রস্তুতিও আছে শতভাগ। কোচও বলছেন আমাদের কোন চোট নেই। আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো।’
/টিএ/এফআইআর/









