প্রিমিয়ার লিগে আজ খেলেছে ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটিতে কোনও দল জিততে পারেনি। ড্র হয়েছে ১-১ গোলে। তবে কিংস অ্যারেনার ম্যাচটিতে নতুন ইতিহাসও হয়েছে।
ম্যাচটিতে রেফারি ছিলেন আলমগীর সরকার। ম্যাচের ৬৩ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। ফর্টিসের মিডিয়া ম্যানেজার সাবেক ফুটবলার দিদারুল হককে একপর্যায়ে টেন্টের কাছে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। যা দেশের ফুটবল ইতিহাসে বিরল ঘটনা।
সাধারণত খেলোয়াড়, কোচ কিংবা কোচিং স্টাফরা কার্ড পেয়ে থাকেন। কিন্তু মিডিয়া ম্যানেজারের কার্ড পাওয়া নিয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে ফর্টিসের ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দিদার ভাই দুই দলের মধ্যে সৃষ্ট ঝামেলা মেটাতে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রেফারি তাকে ডাগ আউটের কাছাকাছি এসে লাল কার্ড দেখান। এখন কেন লাল কার্ড দেখিয়েছেন, তা রেফারি ভালো বলতে পারেন।’
রেফারি আলমগীর সরকার অবশ্য বলেছেন, ‘ওই কর্মকর্তা (দিদারুল হক) ওই সময় প্রতিপক্ষের টেকনিক্যাল এরিয়াতে গিয়ে আগ্রাসী মনোভাব পোষণ করেন। যা ফিফার আইন লংঘন। প্রতিপক্ষের টেকনিক্যাল এরিয়াতেই যাওয়ার কোনও বিধান নেই। তাই তাকে লাল কার্ড দেখিয়েছি।’







