লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হচ্ছে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ উঁচুতে। কিন্তু দুই দলের মাঠে নামাটাই হয়ে পড়েছে অনিশ্চিত। ইংল্যান্ডের উত্তরে ভারী তুষারপাতের কারণে ম্যাচটি স্থগিত হওয়ার ঝুঁকিতে ছিল। তবে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হবে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
তুষারপাতের কারণে অ্যানফিল্ডের প্লেয়িং সারফেসের ওপর কোনও প্রভাব পড়বে না। মাটির নিচে তাপ বাড়ানোর ব্যবস্থা আছে। তবুও লিভারপুল সিটি কাউন্সিল অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ম্যাচটি স্থগিতের চিন্তা করছিল। সফরকারী দলের সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। কারণ স্টেডিয়ামে আসার রাস্তাঘাট তুষারে ঢাকা থাকবে।
রবিবার লিভারপুল ও ম্যানচেস্টার বিমানবন্দরের রানওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের প্রধান স্টেশন লিভারপুল লাইম স্ট্রিট স্টেশন ঘোষণা দিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে তারা আপাতত কোনও সেবা দিতে পারবে না।
ম্যাচটি স্থগিত হলে সামনে ঠাসা সূচির চাপে পড়তে পারতো লিভারপুল। ঘূর্ণিঝড় দারাঘের কারণে গত মাসে এভারটনের বিপক্ষে তাদের মার্সিসাইড ডার্বিও স্থগিত হয়েছিল।
এই সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে কারাবাও কাপের সেমিফাইনালে খেলবে আর্নে স্লটের দল। আগামী শনিবার অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডে তারা খেলবে অ্যাক্রিংটন স্ট্যানলির বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের শীর্ষে থাকায় নকআউটেও ব্যস্ত সময় পার করতে হবে।









