এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। জমজমাট ম্যাচ উপহার দিলেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পেনাল্টি শুটআউটে হেরে গেছে তারা। এমন ম্যাচে সুযোগ মিস করায় আর্সেনাল তারকা কাই হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আর্সেনাল তারকার স্ত্রী সোফিয়া হাভার্টজ ইনস্টাগ্রাম স্টোরিতে হুমকিভরা দুটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে একটিতে রয়েছে অনাগত সন্তানকে জবাইয়ের হুমকি!
সেদিন হাভার্টজ ভালো সুযোগগুলো মিস করেছেন। এমিরেটস স্টেডিয়ামে একবার ক্লোজ রেঞ্জের শট মেরেছেন লক্ষ্যের ওপর দিয়ে। পরে শুটআউটেও সেভ হয়েছে তার পেনাল্টি শট! শেষ পর্যন্ত আর্সেনাল হেরেছে ৫-৪ ব্যবধানে!
ওই ঘটনার পর এমন হুমকি ভরা ম্যাসেজ পেয়ে সোফিয়া হাভার্টজ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘কারও যদি মনে হয় এমন কিছু লেখা তার জন্য শোভন, সেটা আমার জন্য ভীষণ ধাক্কা খাওয়ার মতো বিষয়। আশা করবো যিনি এমনটা লিখেছেন, কৃতকর্মের জন্য লজ্জিত হবেন।’
অনাগত সন্তানকে হত্যার হুমকির জবাবে তিনি আরও লিখেছেন, ‘আমি জানি না এর প্রেক্ষিতে আসলে ঠিক কী বলা উচিত। তবে যারা করেছেন, তারা আরও শ্রদ্ধাশীল হবেন। কারণ, আমরা এরচেয়েও ভালো।’
এই ঘটনায় ফুটবল কর্তৃপক্ষ ও পুলিশ অনলাইনে আক্রমণের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
ইংলিশ ফুটবলে এর আগেও সোশ্যাল মিডিয়ায় আক্রমণের ঘটনা ঘটেছে। সেসব প্রতিরোধে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন গত বছর বলেছে, তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময় অনলাইনে হওয়া আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে পদক্ষেপ নিতে বলেছে। সেজন্য পুলিশের সহায়তায় অর্থায়ন করেছে ৩২ হাজার ডলার! গত ২০২১ ইউরোতে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের বুকায়ো সাকা, মার্কাস র্যাশফোর্ড ও জর্ডান সানচো। তারা ফাইনালে ইতালির বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন।









